এ দলই কি পাকিস্তানের বিপক্ষে নেমেছিল?
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে যোগ করা সময়ের গোলে পাকিস্তানের বিপক্ষে হার এড়িয়েছে বাংলাদেশ। আজ তাই ভারতের বিপক্ষে বাংলাদেশের কাজটা খুব বেশি কঠিন ছিল না। ড্র করলেও সেমিফাইনালে চলে যাবে দল, এমনকি ভারতের কাছে তিন গোলের কম ব্যবধানে হারলেও।
হেরে সেমিফাইনাল খেলা? বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বেশ অপমানদায়ক সমীকরণ। তাই পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে পেয়ে যেন নিজেদের সেরাটাই উজার করে দিলেন তহুরারা। প্রথমার্ধেই ম্যাচের মীমাংসা করে দিলেন। ৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে গেল বাংলাদেশ।
ম্যাচের আগে অবশ্য ভিন্ন কারণে তেতে উঠেছিলেন ফুটবলাররা। নতুন কোচ পিটার বাটলার দাবি করেছেন দলে অন্তর্কোন্দল চলছে। এ কারণে তাঁর দল ভালো খেলছে না। দায়টা সিনিয়র ফুটবলারদের ওপরই দিয়েছেন। ওদিকে ফুটবলারদের দাবি, সিনিয়রদের পাত্তা দেন না কোচ, এমনকি টিম মিটিংয়ে তাঁদের নাম নেন না বলে অভিযোগ করেছেন সানজিদা আক্তার।
এমন সব আলোচনার মাঝেই আজ মাঝমাঠে আবার মনিকা চাকমা ও মারিয়া মান্দা জুটিকে দেখা গেছে। মাঝখানে কিছুদিন মারিয়াকে না খেলিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন কোচ। এ নিয়ে দলের মধ্যে ক্ষোভ ছিল। আজ মাঝমাঠে মারিয়া ফিরতেই দল জ্বলে উঠল।
২৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান ৩-০ করে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এক গোল শোধ দিয়ে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সম্ভাবনা অবশ্য জাগাতে পারেনি ভারত। কয়েকটি সুযোগ পেলেও গোল করার মতো ছিল না সেগুলো।
১৮ মিনিটে দলকে এগিয়ে দেন আফিদা খন্দকার। কর্নার থেকে বল গিয়েছিল দূরের পোস্টে। গোল থেকে একটু দূরে থাকা আফিদা জোরে শট না নিয়ে লব করেছিলেন। সেলব অনেকটুকু উপরে উঠে ঠিক ক্রসবারের কাছে গিয়ে নেমে জালে ঢুকে যায়।
২৯ মিনিটের গোলটিতেও একটু ভাগ্যের ছোঁয়া ছিল। বাংলাদেশের আক্রমণ ভারতীয় ডিফেন্ডার ক্লিয়ার করলেও তা যায় বাঁ উইংয়ে থাকা শামসুন্নাহার সিনিয়রের কাছে। তাঁর ক্রস আসে দূরের পোস্টে। বলের কাছে ছিলেন ভারতীয় এক ডিফেন্ডার ও তহুরা। ভারতীয় ডিফেন্ডারের ধাক্কা তহুরাকে সামনে এগিয়ে দেয় এবং বল তহুরার গায়ে লেগে জালে ঢুকে যায়।
৪২ মিনিটের গোলে অবশ্য ভাগ্য নয় পুরোপুরি দক্ষতা অবদান রেখেছে। মাঝমাঠ থেকে উড়ে আসা বল বক্সের মধ্যে দারুণ দক্ষতায় নামান শামসুন্নাহার জুনিয়র। তারপর বল দেন বক্সের বাইরে থাকা তহুরার দিকে। এগিয়ে এসে গোলার মতো এক শট নেন তহুরা, বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
খেলা শুরু না হতেই গোল পরিশোধ করে ভারত। প্রায় কর্নারের কাছ থেকে ক্রস উড়ে এলে তা দখলে নিতে গিয়ে গোলমাল করে ফেলেন গোলকিপার রুপনা চাকমা। বল চলে যায় ভারত অধিনায়ক বালা দেবীর কাছে। হেডে ব্যবধান কমান এই ফরোয়ার্ড।