আজ মৌসুমের এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে যাচ্ছে কাতালানরা। সে ম্যাচের আগে নিজেদের কাজটা করে রেখেছে মাদ্রিদের পিআর টিম।
গত কিছুদিন ধরে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সে ম্যাচের রেফারির আগের ভুল সিদ্ধান্ত কম্পাইল করে একটি ভিডিও পোস্ট করে রেয়াল মাদ্রিদ টিভি। বার্সেলোনার বিপক্ষে আজকের ম্যাচের আগেও সে কাজ করেছে তারা। আর এতে বিরক্ত হয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
আজ এল ক্লাসিকোর দায়িত্ব পেয়েছেন হোসে মারিয়া সানচেস মার্তিনেস। সে ম্যাচের আগে মাদ্রিদের টিভি চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে। মাদ্রিদের ম্যাচে এর আগে কী কী ‘ভুল’ সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনেস, সেগুলো এক সঙ্গে করে দেখানো হয়েছে তাতে।
গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বার্সেলোনা কোচের কাছে। ফ্লিক বলেছেন, এসব মোটেও ভালো কিছু না, ‘রেয়াল মাদ্রিদ টিভির ভিডিওর ব্যাপারে আমি জানি না। এমন কিছু একদম ঠিক না। রেফারির কাজটা এমনিতেই কঠিন। আর আমার কাজ খেলোয়াড়দের প্রস্তত করা। আমার প্রচুর অভিজ্ঞতা আছে এবং কখনো রেফারির সঙ্গে সমস্যা হয়নি।’
মাদ্রিদ যাই করুক না কেন, নিজেদের কাজটা ঠিক করে রেখেছেন ফ্লিক, ‘মৌসুমের শুরুতেই দলকে বলে রেখেছি, আমরা পারফরম্যান্স নিয়ে চিন্তা করব, রেফারি নিয়ে না। এসব জিনিস নিয়ে আমরা ব্যস্ত হব না। বরং পারফরম্যান্সে আমাদের সব মনোযোগ আর শক্তি দেব।’
এল ক্লাসিকো সবসময়ই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এক ম্যাচ। এবার লা লিগায় দুই দলের অবস্থান ম্যাচটা আরও জমিয়ে তুলেছে। লিগে ১০ ম্যাচ শেষে মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। আজ জিতলে ব্যবধান দ্বিগুণ হবে, হারলে মাদ্রিদ টেবিলে তাদের পাশে চলে আসবে।