স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ভালেন্সিয়া ভয়াবহ বন্যার কবলে পড়েছে। প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া আকস্মিক এ বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরও অনেকে। ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচগুলোতেও। আগামীকাল শনিবার রাতে ভালেন্সিয়ার মাঠে রেয়াল মাদ্রিদের ম্যাচটি স্থগিত করা হয়েছে।
শুধু মাদ্রিদের ম্যাচ নয়, আগামী শনিবার ভিয়ারেয়াল-রায়ো ভায়েকানো ম্যাচ এবং সোমবার দ্বিতীয় বিভাগে লেভান্তের ম্যাচও স্থগিত করা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার লা লিগার অনুরোধে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ভালেন্সিয়া অঞ্চলের এ সপ্তাহান্তের সবগুলো ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে।
স্পেনে গত কয়েক দশকে এটাই সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে ধারণা করা হচ্ছে। মারাত্মক এ বন্যায় স্পেন সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। লা লিগা কর্তৃপক্ষ ও এর অন্তর্ভুক্ত ক্লাবগুলো বন্যা দুর্গতদের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে। এছাড়া গতকাল ম্যাচ চলাকালীন তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রেড ক্রসের সঙ্গে তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছে।
রেয়াল মাদ্রিদ রেড ক্রসের সঙ্গে কাজ করবে এবং বন্যার্তদের সহযোগিতায় ১০ লাখ ইউরো সহযোগিতা করবে। এক বিবৃতিতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা লিখেছে, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় রেয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেড ক্রস তহবিল সংগ্রহ অভিযান শুরু করছে। সংকটজনক পরিস্থিতিতে থাকা পরিবারগুলোকে সহযোগিতার উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে এক মিলিয়ন ইউরো সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের জন্য আমাদের সবার সহযোগিতা ও সহমর্মিতা দরকার।’
লা লিগা এক বিবৃতিতে লিখেছে, ‘স্পেনের পেশাদার ফুটবল গভীর সমবেদনা জানাচ্ছে। নিহত ও নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা।’