যা গুঞ্জন হয়ে গত কয়েকদিন বাতাসে ভাসছিল, সেটিই আজ আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্পোর্তিং ক্লুব দো পর্তুগালের পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যান ইউনাইটেড। তবে স্পোর্তিংয়ের হয়ে ইউরোপে সাড়া ফেলে দেওয়া ৩৯ বছর বয়সী কোচকে এখনই নিয়োগ দিতে একটু বেশিই খরচ হলো রেড ডেভিলসের।
ম্যান ইউনাইটেড তাদের এক্স (সাবেক টুইটার) একাউন্টে পোস্ট দিয়ে জানিয়েছে, আগামী ১১ নভেম্বর ক্লাবে যোগ দেবেন আমোরিম। এদিকে ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের সাংবাদিক লরি হুইটওয়েল এক্স-এ লিখেছেন, পর্তুগিজ স্টক এক্সচেইঞ্জ নিশ্চিত করেছে, মৌসুমের মাঝপথে এভাবে আমোরিমকে আনতে স্পোর্তিং সিপিকে বাড়তি টাকা দিতে হয়েছে ম্যান ইউনাইটেডকে।
বাড়তি টাকার অঙ্কটা কেমন? স্পোর্তিংয়ে আমোরিমের রিলিজ ক্লজ ছিল ১ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি টাকার কিছু বেশি। আর হুইটওয়েল এক্স পোস্টে লিখেছেন, আমোরিমকে এখনই ইউনাইটেডে আনতে স্পোর্তিংকে ১ কোটি ১০ লাখ ইউরো দিয়েছে ইংলিশ ক্লাবটি। অর্থাৎ, ১২ কোটি টাকার কিছু বেশি অঙ্ক বাড়তি গুনতে হয়েছে ইউনাইটেডকে।
আমোরিমের ছয় বছরে গড়ানো কোচিং ক্যারিয়ারে একটা বিশেষ ‘অর্জন’ই হলো বটে। ইউনাইটেড হতে যাচ্ছে তাঁর কোচিং ক্যারিয়ারের চতুর্থ ক্লাব, এরই মধ্যে দুটি ক্লাব তাঁকে নিজেদের দলে টেনেছে তাঁর আগের ক্লাবকে ‘রিলিজ ক্লজ’ দিয়ে। পর্তুগালে কাসা পিয়া ক্লাব দিয়েই তাঁর কোচিং ক্যারিয়ার শুরু হলেও মূলত ২০১৯ সালে ব্রাগার মূল দলে কোচিং করিয়েই আলোচনায় আসেন আমোরিম। তা ব্রাগায় মাত্র চার মাস তাঁকে দেখেই সে সময়ে ১ কোটি ইউরো রিলিজ ক্লজ দিয়ে তাঁকে নিজেদের ক্লাবে নিয়ে গিয়েছিল স্পোর্তিং। এবার ১ কোটি ১০ লাখ ইউরো দিয়ে স্পোর্তিং থেকে তাঁকে নিয়ে যাচ্ছে ইউনাইটেড।
বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, আপাতত আমোরিমের সঙ্গে তাদের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত, তবে সে চুক্তি আরেক বছর বাড়িয়ে নেওয়ার অধিকার চুক্তিতে রেখেছে ইউনাইটেড।
১১ নভেম্বরই কেন যোগ দেবেন আমোরিম, এর আগে বা পরে নয় কেন? সে হিসাবটা সম্ভবত সহজেই বুঝে নেওয়া যায়। আমোরিম এর আগে মৌসুমের শুরুতে লিভারপুল আর ওয়েস্ট হ্যামের কোচ হতে আগ্রহ দেখিয়েছিলেন, সেখানে শেষ পর্যন্ত হয়নি। এর মধ্যে ওয়েস্ট হ্যামের কোচ হতে আলোচনার জন্য লিসবন ছেড়ে লন্ডনে তাঁর যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত গত মৌসুমে স্পোর্তিংকে তাঁর অধীনে দ্বিতীয় লিগ শিরোপা জেতানোর পর আমোরিম ঘোষণা দিয়েছিলেন, তিনি এই মৌসুম স্পোর্তিংয়েই থাকবেন। ইউনাইটেডের কোচ হতে আগ্রহের পরও তাঁর দিক থেকে একটু অস্বস্তি ছিল মৌসুমের মাঝপথে স্পোর্তিং ছেড়ে যাওয়া নিয়ে।
মৌসুমের মাঝপথেই ছাড়ছেন, তবে তাঁর বিকল্প খুঁজে পেতে যেন বাড়তি সময় পায় স্পোর্তিং, তাঁর বিকল্প এসে যেন স্পোর্তিংয়ে গুছিয়ে নেওয়ার জন্য কিছুদিন সময় পান, এদিকে তিনি নিজেও যেন নিয়মিত ম্যাচের ধকলের আগে কিছুদিন ইউনাইটেডে গুছিয়ে নেওয়ার সময় পান, সব বিবেচনায় ১১ নভেম্বরকে বেছে নেওয়া। কারণ, ১০ নভেম্বর ইউরোপের লিগগুলোতে ম্যাচের পর আবার ১৩ দিনের আন্তর্জাতিক ম্যাচের বিরতি থাকবে।
সে সময়ের মধ্যে স্পোর্তিং নতুন কোচ নিয়োগ দিলে তিনিও স্পোর্তিংয়ে মানিয়ে নেওয়ার বাড়তি কয়েকটা দিন সময় পাবেন। এদিকে ম্যান ইউনাইটেডে ১১ নভেম্বর যোগ দেওয়ার পর আমোরিমও নতুন ক্লাবে প্রথম ম্যাচের আগে সময় পাবেন ১২ দিন। আন্তর্জাতিক বিরতির পর লিগে ইপসউইচ টাউনের মাঠে ম্যান ইউনাইটেডের ম্যাচটিই হবে নতুন ক্লাবে আমোরিমের প্রথম ম্যাচ।
এরিক টেন হাগকে ছাঁটাই করার পর ইউনাইটেড অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিল ক্লাবের সাবেক স্ট্রাইকার এবং টেন হাগের সহকারী কোচ হিসেবে এই মৌসুমে দায়িত্ব পালন করা রুদ ফন নিস্তলরয়কে। আমোরিম যাওয়ার আগ পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করে যাবেন।