দুজনের বেশি ভোট পেয়েও ভিনিসিয়ুস জিততে পারেননি বালন দ’র

বহু নাটকীয়তা শেষে এবারের বালন দ’র উঠেছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। নাটকীয়তার সঙ্গে এবারের বালন দ’র নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই ধরে নিয়েছিলেন, এ বছরের ব্যক্তিগত সেরার পুরস্কার উঠতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। কিন্তু পুরস্কার ঘোষণার ঘোষণার কয়েকঘণ্টা আগে গুঞ্জন ছড়ায়, ব্রাজিল তারকা নয়, বালন দ’র জিততে যাচ্ছেন রদ্রি। পরে অবশ্য গুঞ্জনই সত্যি প্রমাণিত হয়েছে।  

এ ঘটনার জেরে এবার বালন দ’রের অনুষ্ঠানই বয়কট করে রেয়াল মাদ্রিদ। এমনকি পুরস্কার রদ্রির হাতে ওঠার কয়েকদিন পরেও চলতে থাকে সমালোচনা। বিশেষ করে, ব্রাজিলিয়ানদের চোখে, বালন দ’র ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের শিকার হয়েছেন ভিনিসিয়ুস।

সব বিতর্কের অবসান ঘটাতে শনিবার ফ্রান্স ফুটবল সংবাদ মাধ্যম লেকিপ বালন দ’রের পয়েন্ট প্রকাশ করেছে। এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ ১১৭০ পয়েন্ট পেয়েছেন রদ্রি। অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডারের চেয়ে ৪১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ভিনিসিয়ুস (১১২৯)।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ছেলেদের ফুটবলে শীর্ষ ১০০ দেশের সংবাদ কর্মীদের ভোটে বালন দ’র বিজয়ী নির্ধারণ করা হয়েছে। একজন সাংবাদিক সেরার জন্য ক্রমান্বয়ে ১০ জনকে ভোট দিতে পারবেন। সেখানে ১ম স্থানে থাকা প্রতিযোগী পাবেন ১৫ পয়েন্ট, ২য় স্থানে থাকা প্রতিযোগী ১২ পয়েন্ট। এভাবে পরের ৮টি স্থানে থাকা প্রতিযোগীরা পাবেন যথাক্রমে ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট করে।

১০০ জন সংবাদকর্মী ভোট দেওয়ার কথা থাকলেও এবার ভোট দিয়েছেন ৯৯ জন। তাতে মোট পয়েন্ট দাঁড়ায় ৬৬৩৩। এর মধ্যে ১১৭০ পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকে বালন দ’র নিজের করে নিয়েছেন রদ্রি।

রদ্রি ও ভিনিসিয়ুসের বাইরে ৭ ফুটবলার শীর্ষ স্থানের জন্য অন্তত একজন সাংবাদিকের ভোট পেয়েছেন। একাধিক সাংবাদিকের শীর্ষস্থানের ভোট পেয়েছেন জুড বেলিংহাম (৫টি শীর্ষস্থান ভোট), দানি কারভাহাল (৪টি শীর্ষস্থান ভোট) ও টনি ক্রুস (২টি শীর্ষস্থান ভোট)। এছাড়া একজন করে সাংবাদিকের পছন্দের তালিকায় সবার ওপরে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, লওতারো মার্তিনেস। মজার বিষয়, তালিকায় থাকা অন্য নামটি অবাক করার মতোই- নাইজেরিয়ার ফরোয়ার্ড আদেমোলা লোকমান।

এবার ৫ জন সাংবাদিক তাঁদের ভোটে শীর্ষ দশেই রাখেননি রদ্রিকে। অন্যদিকে ৩ জন সাংবাদিকের থেকে কোনো পয়েন্ট পাননি ভিনিসিয়ুস।

 

বালন দ’রের শীর্ষ ১৫ জনের পয়েন্ট:

ক্রম

নাম

দেশ ও ক্লাব

পয়েন্ট

রদ্রি

স্পেন, ম্যানসিটি

১১৭০

ভিনিসিয়ুস জুনিয়র

ব্রাজিল, রেয়াল মাদ্রিদ

১১২৯

জুড বেলিংহাম

ইংল্যান্ড, রেয়াল মাদ্রিদ

৯১৭

দানি কারভাহাল

স্পেন, রেয়াল মাদ্রিদ

৫৫০

আর্লিং হলান্ড

নরওয়ে, ম্যান সিটি

৪৩২

কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্স, পিএসজি/রেয়াল মাদ্রিদ

৪২০

লওতারো মার্তিনেস

আর্জেন্টিনা, ইন্তের মিলান

৪০২

লামিন ইয়ামাল

স্পেন, বার্সেলোনা

৩৮৩

টনি ক্রুস

জার্মানি, রেয়াল মাদ্রিদ

২৯১

১০

হ্যারি কেইন

ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ

২০১

১১

ফিল ফোডেন

ইংল্যান্ড, ম্যান সিটি

১৫৭

১২

ফ্লোরিয়ান ভিরৎজ

জার্মানি, লেভারকুসেন

১০১

১৩

দানি ওলমো

স্পেন, লিপজিগ

৮৬

১৪

আদেমোলা লোকমান

নাইজেরিয়া, আতালান্তা

৮২

১৫

নিকো উইলিয়ামস

স্পেন, আতলেতিকো বিলবাও

৭৩