লাল কার্ড দেখলেন কোচ, রেয়ালের কাছে পয়েন্ট হারিয়ে মাদ্রিদকে উপহার বার্সার

গত সপ্তাহে লা লিগার ম্যাচে মায়োর্কাকে উড়িয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল বার্সেলোনা। কিন্তু সেটা ইঙ্গিত পর্যন্তই থেকেছে। বাস্তবে আর রূপ নিতে পারেনি। গতকাল শনিবার লিগ ম্যাচে রেয়াল বেতিসের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি।

বার্সা যে শুধু পয়েন্ট হারিয়েছে, এমন নয়। দলটির কোচ হানসি ফ্লিক লাল কার্ড দেখেছেন। একইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের নিয়ন্ত্রণও আর নিজেদের হাতে নেই বার্সার। লিগে সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া বার্সা ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরে আছে ঠিকই। তবে দুই থাকা রেয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। হাতে থাকা ম্যাচটিতে জিতলে বার্সাকে টপকে শীর্ষস্থান দখল করবে কার্লো আনচেলত্তির দল।

গতকাল বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে রবের্ত লেভানদফস্কির গোলে এগিয়ে (১-০) থেকে বিরতিতে যায় বার্সা। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা (১-১) ফেরান বেতিসের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ওই পেনাল্টির জন্য রেফারির সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে লাল কার্ড দেখে ডাগ আউট ছাড়েন বার্সার কোচ ফ্লিক।

এরপর দুদল আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না কোনোভাবে। ম্যাচের ৮২তম মিনিটে লামিন ইয়ামালের দারুণ এক পাসে গোল করে বার্সাকে এগিয়ে (২-১) দেন ফেরান তোরেস। শুরুতে অফসাইড দিলেও ভিএআর যাচাইয়ে গোল দেন রেফারি।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় বার্সার জয় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে স্বাগতিক সমর্থকদের উৎসবের আমেজ এনে দেন আসানে দিয়াও।

দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ার পর বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমরা মোটেও ভালো খেলতে পারিনি। আমাদের দলটা তরুণ। আমাদের অনেক উন্নতি করতে হবে। আমাদের আরও শক্তিশালী হতে হবে, বিশেষ করে আমরা যখন অ্যাওয়ে ম্যাচ খেলি। আমাদের সেই যোগ্যতা আছে, কিন্তু সেটা প্রতি ম্যাচে দেখাতে হবে।’

বার্সা কোচ যোগ করেন, ‘আমরা পাস দিতে সময় নিচ্ছিলাম, বিশেষ করে লম্বা পাসে ধীরগতি ছিল… এমনটা মোটেও চাই না। এটা আমাদের শক্তির জায়গা নয়। আমাদের নিজেদের শক্তির জায়গায় মনোযোগ দেওয়া উচিত।’