বেটিং এর বিজ্ঞাপন নিয়ে এমবাপ্পে

বোর্ড প্রধানকে মুখ বন্ধ করতে বলেছিলেন অধিনায়ক

কিলিয়ান এমবাপ্পে অবশেষে মুখ খুলেছেন। রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ব্যর্থতা, জাতীয় দলে সর্বশেষ ম্যাচগুলোতে ডাক না পাওয়া, পিএসজিতে শেষ সময়ের স্মৃতি, লিওনেল মেসি ও কাতারের আমিরের সঙ্গে সম্পর্ক-ফ্রেঞ্চ টিভি কানাল প্লুসের প্রোগ্রাম ক্লিকের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টার সাক্ষাৎকারে কথা বলেছেন সব বিষয়েই।

সাক্ষাৎকারের এক পর্যায়ে ফ্রেঞ্চ ফুটবলের প্রধানের সঙ্গে নিজের এক তর্কের কথাও জানিয়েছেন ফ্রেঞ্চ অধিনায়ক। বলেছেন বেটিং সাইটের বিজ্ঞাপনের প্রসঙ্গে নিজের কড়া অবস্থানের কথা।
বরাবরই ফুটবলে জুয়া ও বেটিং সাইটের প্রসারের বিরোধী এমবাপ্পে। এখন ইউরোপের অনেক ক্লাবেরই স্পন্সরের ভূমিকায় বেটিং সাইটগুলোকে দেখা যায়। জার্সিতে থাকে বেটিং সাইটের লোগো। যেহেতু ইউরোপে ফুটবল নিয়ে জুয়া অবৈধ কিছু নয়, জার্সিতে নাম থাকা বা ক্লাবের স্পন্সর হওয়া নিয়ে মতপার্থক্য আছে। 

এমবাপ্পে এ ব্যাপারে বেশ কড়া অবস্থান নিয়েছেন, ‘এটা এমন কিছু যা আমার পরিচিত অনেক মানুষকে একদম ধ্বংস করে দিয়েছে। জাতীয় দলের ছবি স্বত্বের ক্ষেত্রেও আমি এটা করেছি (বেটিং সাইটের প্রচার না করা)। আমি ফ্রান্স জাতীয় দল থেকে কখনো এক পয়সাও নিইনি।’

জাতীয় দলের স্পন্সর হিসেবে যেসব চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন, তাদের কোনোটিকেই কিশোর ফুটবলারদের জন্য আদর্শ মানেন না এমবাপ্পে। এ নিয়ে ফেডারেশন সভাপতির সঙ্গে তাঁর দ্বন্দ্ব বেশ কয়েকবারই প্রকাশ্যে এসেছে। এ ব্যাপারে এমবাপ্পে বলেছেন, ‘ছবি স্বত্বের ব্যাপারে আমাদের মতৈক্য ছিল, খেলা নিয়ে জুয়া এবং জাঙ্ক ফুডের প্রচার নিয়েও আমার আপত্তি ছিল। আমি বলে দিয়েছিলাম, “আমি এসবে নেই।” লো গ্রায়েত আমাকে ফোন করেছিলেন এবং আমি বলেছিলাম, “মুখ বন্ধ রাখুন, আমি যাব না।”’   

ফেডারেশন প্রধান প্রথমে তাঁকে বোঝানোর চেষ্টা করেও পরে হাল ছেড়ে দিয়েছেন, ‘উনি আমাকে বলেছিলেন, “এটা তোমার দায়িত্ব।” কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে, এবং সবকিছু ভালোই চলছে। এমনকি ফেডারেশনও এখন খুশি।’