চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মোহাম্মদ সালাহর। চুক্তির মেয়াদের মোটে ছয় মাস বাকি থাকলেও চুক্তি নবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আগামী মৌসুমে মিশরীয় ফরোয়ার্ডকে অন্য কোনো ক্লাবের জার্সিতে খেলতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকলেও এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন সালাহ। প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর গতকাল রোববার টটেনহামের বিপক্ষে ৬-৩ ব্যবধানের জয় তুলে নিয়েছে লিভারপুল। এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান পাকাপোক্ত করে বড় দিনের ছুটিতে যাচ্ছে অল রেডরা। লিগের ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৫। তবে লিভারপুল একটা ম্যাচ কম খেলেছে।
নিউক্যাসল ও ফুলহামের বিপক্ষে পরপর দুই ম্যাচ ড্র করার পর টটেনহামকে ৯ গোলের থ্রিলারে হারাতে গতকাল জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করেছেন সালাহ। তাতে দারুণ একটা কীর্তিতে নাম উঠেছে মিশরীয় তারকার। প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বড় দিনের ছুটির আগে গোল ও অ্যাসিস্টে দুই অঙ্ক ছুঁয়েছেন সালাহ।
গতকালের ২ গোল নিয়ে চলতি মৌসুমে লিগের ১৬ ম্যাচে সালাহর গোল হয়ে গেল ১৫টি। যা লিগে এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড। শুধু গোলে নয়, গোল করানোতেও সবার ওপরে সালাহ। গতকালের দুটিসহ ১১ অ্যাসিস্ট নিয়ে গোলে সহায়তাকারীর তালিকাতেও শীর্ষে উঠে গেছেন লিভারপুল ফরোয়ার্ড।
গতকাল এমন কীর্তিতে নাম লেখানোর পর সালাহ বলেছেন, ‘সত্যি বলতে, ম্যাচের আগে আমি এটা নিয়ে ভাবিইনি। কিন্তু এ কীর্তিতে নাম লেখাতে পেরে আমি খুশি ও গর্বিত। আমার কাজ শুধু কঠোর পরিশ্রম করে যাওয়া।’
এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট ৩ বার জিতেছেন সালাহ। ২০১৭-১৮ মৌসুমে জেতার পর ২০১৮-১৯ ও ২০২১-২২ মৌসুমে যৌথভাবে এ পুরস্কারে নাম লেখান লিভারপুল ফরোয়ার্ড। অনেকেই ধারণা করছেন, অল রেডদের জার্সিতে শেষ মৌসুমে আরেকটি গোল্ডেন বুট যোগ হতে পারে পারে সালাহর শো কেসে।
গতকাল ম্যাচ শেষে চুক্তির মেয়াদ নিয়ে আপডেট জানতে চাওয়া হয়েছিল সালাহর কাছে। তবে তিনি জানিয়েছেন, কোনো এ নিয়ে দুপক্ষের মধ্যে এখন পর্যন্ত কোনো আলোচনায় হয়নি।