অলমো-ভিক্তরদের সুপার কাপের ফাইনালে নামাতে পারবে বার্সেলোনা

আর্থিক সংগতি নীতির গ্যাঁড়াকলে এই জানুয়ারিতে দানি অলমো ও পাও ভিক্তরের রেজিস্ট্রেশন করাতে পারছিল না বার্সেলোনা। তাঁদের ছাড়াই স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নামতে হয়েছে বার্সেলোনাকে। তবে গতকাল রাতেই সুখবর মিলেছে। সুপার কাপের ফাইনালে চাইলেই নামানো যাবে দুজনকে।

গতকাল উচ্চতর ক্রীড়া কাউন্সিল (সিএসডি) জানিয়েছে অলমো ও ভিক্তরকে সুপার কাপে নামানো যাবে। এর আগেই অবশ্য অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ম্যাচ স্কোয়াডে তাঁদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বছরের শুরুতে দুই ফুটবলারকে রেজিস্ট্রেশন করানোর জন্য করা বার্সেলোনার আপিলগুলো বারবার খারিজ হয়ে যাচ্ছিল। জানানো হয়েছিল বৃহস্পতিবারের আগে তাদের লাইসেন্সের কাজ করা সম্ভব হবে না। ফলে বিলবাওর বিপক্ষে নামানো যায়নি তাদের।

তবে সিএসডি তাদের এক রুলিংয়ে সাময়িকভাবে অলমো এবং ভিক্তরকে মাঠে নামানোর অনুমতি দিয়েছে। অথচ এর আগে লা লিগা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আদালতের কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরেছে বার্সেলোনা।

 সিএসডির সিদ্ধান্তে সাময়িক স্বস্তি মিললেও এখনো তৃপ্তির ঢেকুর তোলার উপায় নেই। চূড়ান্ত রায় আসার আগ পর্যন্ত অলমোকে খেলানো নিয়ে নিশ্চিত হতে পারবে না বার্সেলোনা।

গতকাল সিএসডি এক বিবৃতিতে আইনি এক ফাঁক দেখিয়ে সাময়িকভাবে অলমোদের খেলার অনুমতি দিয়েছে, ‘সিএসডি এই বুধবার বার্সেলোনা এবং খেলোয়াড় দানি অলমো ও পাউ ভিক্তরের সতর্কতামূলক অনুরোধ বিবেচনা করে দেখেছে। ক্লাব ও উল্লিখিত খেলোয়াড়দের আপিলের সুরহা যতক্ষণ না হচ্ছে, তাতে গত ৪ জানুয়ারিতে এই খেলোয়াড়দের ক্রীড়া লাইসেন্স বাতিলের দেওয়া লা লিগা-রয়াল ফেডারেশনের সিদ্ধান্ত স্থগিত করছে।’

এর আগে গত ৭ জানুয়ারি ৫২ পৃষ্ঠার এক নথি পেশ করে আপিল করেছিল বার্সেলোনা। ক্লাব যুক্তি দিয়েছিল পেশাদার খেলোয়াড়দের লাইসেন্স বাতিল করার আইনি অধিকার হয়তো নেই মনিটরিং কমিটির (লা লিগা-ফেডারেশনের)। সিএসডির কাছে এই যুক্তি নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য যথেষ্ট মনে হয়েছে। তবে এই সিদ্ধান্ত সাময়িক এবং আপিলের রায় আসা পর্যন্ত কার্যকর।