ইতালিয়ান ক্লাব লাৎসিও তাদের ফ্যালকনার হুয়ান বেরনাবেকে ছাঁটাই করেছে। কারণ, অপারেশনের পর কতটা সফল হয়েছেন, সেটা দেখাতে নিজের যৌনাঙ্গের ভিডিও এবং ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এই স্প্যানিশ।
২০১০ সাল থেকে সিরি ‘আ’র ক্লাবে চাকরি করছেন বেরনাবে। ইতালিয়ান পরাশক্তি মাসকট হিসেবে ঈগলকে বেছে নিয়েছে। ক্লাবের লোগোতেও আছে এই পাখি। বেরনাবের দায়িত্ব ছিল ম্যাচের দিন ক্লাবের মাঠ স্তাদিও ওলিম্পিকোর আকাশে একটি ঈগলকে উড়িয়ে দেখানো। ম্যাচের আগে-পরে বেরনাবের ডাকে ঈগলের ওড়াওড়ি খুব সমর্থকদের জন্য আকর্ষণীয় এক দিক ছিল।
৫৬ বছর বয়সী এই ফ্যালকনার কিছুদিন আগে বিতর্ক জন্ম দেন। নিজের ‘যৌন দক্ষতা বাড়াতে’ সার্জারি করানোর সিদ্ধান্ত নেন। একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কিছু ছিল না। কিন্তু বেরনাবে নিজের অপারেশন শেষে টেবিলে আধশোয়া অবস্থায় করা একটি ভিডিও আপলোড করেন। সে ভিডিওতে তার গায়ে কোনো কাপড় ছিল না। এবং নিজের উত্থিত গোপনাঙ্গেরও একটি ছবি আপলোড করে বোঝানোর চেষ্টা করেন কতটা সফল হয়েছে অপারেশন।
এমন ঘটনায় রোমান ক্লাবটি তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাৎসিও জানিয়েছে, ‘জনাব হুয়ান বেরনাবের ছবি ও ভিডিও দেখে লাৎসিও প্রচণ্ড ধাক্কা খেয়েছে। এবং তার সঙ্গে দেওয়া বিবৃতি দেখে অবাক হয়েছে। লাৎসিও জানাতে চাই তার আচরণের গুরুত্ব বিবেচনা করে তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছে ক্লাব।’
এ ঘটনায় আপাতত কিছুদিন বেরনাবের সঙ্গে থাকা ঈগলকে আর উড়তে দেখা যাবে না স্টেডিয়ামে, এজন্য নিজেদের হতাশা গোপন করেনি ক্লাবটি, ‘কর্তৃপক্ষ জানে ঘরের মাঠে আগামী কয়েক ম্যাচে ঈগলকে দেখতে না পাওয়াটা সমর্থকদের কতটা কষ্ট দেবে, কিন্তু ক্লাব দৃঢ় বিশ্বাস করে এমন একজনের সঙ্গে সম্পর্ক রাখা বিশেষ করে ক্লাবের ঐতিহ্যবাহী ঈগলের সঙ্গে এমন একজনকে জড়িত রাখা কোনোভাবেই সম্ভব না।’
ছাঁটাইয়ের ঘটনায় বেরনাবে বলেছেন, ‘এই অপারেশন তো আমাকে পর্নতারকা বানায়নি, আমার একটা স্বাস্থ্যগত সমস্যা ছিল। আর ক্লাবের প্রেসিডেন্ট? তিনি ওই ছবি দেখে মোটেও বিরক্ত হননি, তিনি নিজেও একজন পুরুষ।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও দেওয়ার প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি তো আমার ব্যক্তিগত প্রোফাইলে দিয়েছি, তার মানে এটা ব্যক্তিগত ব্যাপার। মানুষ যদি সেটা ছড়িয়ে বেড়ায় তাহলে আমি কী করব? আমার বিবেক পরিষ্কার, আমি এটা দিয়েছি মানুষকে অপারেশনের ব্যাপারে অবগত করতে। আমার কোনো আফসোস নেই, বিশেষ করে স্বাস্থ্যগত কারণে কিছু করার কারণে।’