টিভিতে মৃত্যুর খবর, লাইভে নিজেই জানালেন বেঁচে আছেন

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক এমানুয়েল প্যাতি লাইভ টিভিতে এক বড় গড়বড় করে ফেলেছিলেন। মানডে লাইভ ফুটবলে কথা বলতে গিয়েছিলেন সাবেক আর্সেনাল তারকা। কথা বলতে বলতে সাবেক সহকারী কোচের কথা বলতে গিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

যার মৃত্যুর কথা ওভাবে বলেছেন, তিনি যেনতেন কেউ নন। খেলোয়াড় ও কোচ হিসেবে আর্সেনালের সঙ্গে ৪১ বছর কাটানো প্যাট রাইস। রাইস নিজেই টিভির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছেন তিনি বেঁচে আছেন।

গতকাল উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ ছিল চেলসির। স্টামফোর্ড ব্রিজের সে ম্যাচ উপলক্ষে ডেভিড জোনস এবং জেমি ক্যারাঘারের সঙ্গে কথা বলতে হাজির হয়েছেন প্যাতি। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে গোল করা এই ডিফেন্সিভ মিডফিল্ডার চেলসিতেও তিন বছর খেলেছেন।

তবে গতকাল মূলত আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল ক্যারিয়ার নিয়েই কথা বলছিলেন প্যাতি। ওই সময়ই ভুলটা করে বসেন। ওয়াঙ্গারের সহকারী কোচের ভূমিকায় ১৮ বছর ছিলেন প্যাট রাইস। ওয়েঙ্গারের অধীনে তাদের সময়টা কেমন ছিল সে প্রসঙ্গে প্যাতি বলেছেন, ‘প্যাট রাইসের সঙ্গেও তাঁর (ওয়েঙ্গারের) ঝগড়া হতো, শান্তিতে থাকুক প্যাট (তাঁর আত্মা)।’

আর্সেনালের হয়ে চার শর কাছাকাছি ম্যাচ খেলা এবং কোচিং স্টাফে ২৮ বছর কাটানো রাইস মারা গেছেন! এমন খবরে চমকে ওঠেন সবাই। রাইসের বয়স ৭৫ বলেই কথা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে স্কাই দ্রুত সেটা সামলে ওঠে এবং ভুলটা শুধরে নেয়। একটু পর উপস্থাপক জোনস জানান, ‘আমার কাছে সুখবর আছে, প্যাট রাইস শুভেচ্ছা জানিয়েছে। তিনি আমাদের সঙ্গে নেই, এ তথ্যটা ভুল। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। ’

প্যাতি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘আমি দুঃখিত! দুঃখিত প্যাট। আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। প্যাট আমি খুবই দুঃখিত। প্যাট, আমি ভুল করেছি, দুঃখিত।’ ২০১২ সালে আর্সেনালের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর অবসর জীবন যাপন করছেন উত্তর আয়ারল্যান্ডের সাবেক ফুটবলার।