প্রথমে রোনালদোকে পেছনে ফেলে দিলেন এমবাপ্পে

ম্যাচটা এমন কোনো বড় পরীক্ষা ছিল না। প্রতিপক্ষের মাঠে খেলা, ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। তবু লিগের ২০তম দল রেয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ বলে খুব একটা চিন্তা ছিল না।

এমন এক ম্যাচেই মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর হ্যাটট্রিকে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান দৃঢ় করেছে মাদ্রিদ। গতকালই ভিয়ারিয়ালের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। ২১ ম্যাচ শেষে নগর-প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে। আর এক ম্যাচ কম খেলা বার্সেলোনা পিছিয়ে আছে ১০ পয়েন্টে।

গতকাল মাদ্রিদের জার্সিতে ৩১তম ম্যাচ খেললেন এমবাপ্পে। মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিক পেতে তাঁর আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর দরকার হয়েছিল ৩৩ ম্যাচ। অবশ্য সতীর্থ রদ্রিগোর চেয়ে অনেক পিছিয়ে আছেন এমবাপ্পে। মাদ্রিদ জার্সিতে প্রথম হ্যাটট্রিক করতে রদ্রিগোর লেগেছিল মাত্র ৭ ম্যাচ!

অবশ্য প্রথম হ্যাটট্রিক পেতে সময় লাগলেও এরপর রেকর্ড বই তছনছ করে ফেলেছিলেন রোনালদো। মাদ্রিদের জার্সিতে ৪৩৮ ম্যাচেই ৪৪টি হ্যাটট্রিক করেছিলেন রোনালদো! মাদ্রিদের জার্সিতে রোনালদোর ধারেকাছে আছেন আলফ্রেদো দে স্তেফানো (২২)। এমবাপ্পের জন্য তাই এক্ষেত্রে লক্ষ্যটা অনেক কঠিন।

গতকাল ম্যাচের ৩০ মিনিটে জুড বেলিংহামের সঙ্গে ওয়ান-টু করে বক্সে ঢুকে পড়ে প্রথম গোল পান এমবাপ্পে। ৫৬ মিনিটে প্রতিআক্রমণে রদ্রিগোর পাস থেকে ব্যবধান বাড়ান ফ্রেঞ্চ স্ট্রাইকার। যোগ করা সময়ে পেনাল্টি-বক্সে বেলিংহামকে ফাউল করা হলে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।

এতে লিগে ১৫ গোল হয়ে গেল এমবাপ্পের। তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু বার্সেলোনার রবের্ত লেভানদফস্কি।

ম্যাচ শেষে এমবাপ্পে রেয়াল মাদ্রিদ টিভিকে বলেছেন, ‘হ্যাটট্রিক পেয়ে খুশি, জয় পেয়ে আরও খুশি। প্রতি সপ্তাহেই এটা বলি, তবে আজ আতলেতিকোর ড্রয়ের পর আরও গুরুত্বপূর্ণ এটা। আমাদের ভালো খেলতে হয়েছে। সবাই মিলে প্রথম গোল পেয়েছি। দ্বিতীয়ার্ধে আরও ভালো করতে পারতাম, কিন্তু দ্বিতীয় গোল করে ভালোভাবেই সামলেছি। এরপর তৃতীয় গোল করেছি।’

কার্লো আনচেলত্তি বহুদিন ধরেই বলে আসছেন, এমবাপ্পে ফর্মে ফিরবেন দ্রুত। শিষ্যের প্রথম হ্যাটট্রিকের পর তাই উল্লসিত মাদ্রিদ কোচ, ‘এমবাপ্পে দলকে অনেক দিচ্ছে, সে কয়েক মাস ধরেই দলের ছন্দে মিশতে শুরু করেছে এবং আজ প্রথমবারের মতো হ্যাটট্ট্রিক করেছে। অবশ্যই এটা দলের জন্য ভালো, সে দারুণ মানের খেলোয়াড়।’