সমর্থকদের বুকে কাঁপুনি ধরিয়েছিল আর্জেন্টিনা, প্রতিশোধ ব্রাজিলের

ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ৪-১ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জয় তখন সময়ের অপেক্ষা বলই মনে হচ্ছিল। কিন্তু নাটকের যে তখনো বাকি। পরের ১১ মিনিটে দুই গোল ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তোলে উরুগুয়ে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি।

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ফাইনাল স্টেজে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ঠিক একই ব্যবধানে হেরেছিল সেলেসাওরা। সে অর্থে আজ প্রতিশোধ নিল ব্রাজিল। দিনের অন্য ম্যাচে শেষ মুহূর্তে গোল করে চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে।

টুর্নামেন্টের ফাইনাল স্টেজের দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। সমান ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ব্রাজিল। এই পর্বে প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দল পাবে চ্যাম্পিয়নের তকমা। আর তালিকার শীর্ষ ৪ দল আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট পাবে। অবশ্য আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে চিলি।

ভেনেজুয়েলার স্তাদিও নাসিওনাল ব্রিগিদো ইরিয়ার্তেতে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে থাকে আর্জেন্টিনা। তবে গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের ভেতর ক্লাদিও এচেভেরিসে পাস দেন মাহের ক্যারিসো। সেটা নিয়ন্ত্রণে নিয়ে উরুগুয়ে গোলকিপারকে ড্রিবল করে দারুণ ফিনিশিং দেন ম্যান সিটির যুব দলে খেলা এ এচেভেরি।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ২-০ করেন এচেভেরি। এবারও অ্যাসিস্টে ক্যারিসোর নাম। আক্রমণে উঠে ক্যারিসোর পাস থেকে ডান পায়ের দারুণ শটে উরুগুয়ে গোলকিপারকে পরাস্ত করেন এচেভেরি।

আর্জেন্টিনার জয়ের দুই নায়ক- এচেভেরি ও ক্যারিসো। দুজনই জোড়া গোল করেছেন। ছবি: টুইটার

দ্বিতীয়ার্ধেও দাপট দেখাতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৫২ মিনিটে আবারও গোল উদযাপন করে আকাশি-সাদারা। এবার গোলের খাতায় নাম লিখিয়েছেন ক্যারিসো নিজেই। বক্সের বাইরে উরুগুয়ের তিন ডিফেন্ডারের জটলা পেরিয়ে বক্সের ভেতরে ঢুকে জালে বল জড়ান ১৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।

৬০ মিনিটে অবশ্য একটি গোল ফিরিয়ে দেয় উরুগুয়ে। প্রতিআক্রমণে উঠে আর্জেন্টাইন ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমান হোয়াকিন লাভেগা। এর ৯ মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। এবারও ক্যারিসো-এচেভেরি জুটিতে গোল পায় প্লাসেন্তের দল। ৭৫ মিনিটে লুকাস আগাসির ক্রসে পা লাগিয়ে ব্যবধান কমান (৪-২) ফ্লুমিনেন্সে খেলা এ মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে আলেহান্দ্রো সেভেরোর থ্রু ধরে আর্জেন্টাইন গোলকিপারকে পরাস্ত করে স্কোরলাইন ৪-৩ করেন এস্তেবান ক্রুচি। ম্যাচের উত্তেজনার পারদ তখন শীর্ষে। পয়েন্ট হারানোর শঙ্কা জেঁকে বসে আলবিসেলেস্তেদের ওপর। তবে শেষ পর্যন্ত আর চমক দেখাতে পারেনি উরুগুয়ে। তাতে ৪-৩ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

গোলের পর ব্রাজিল সমর্থকদের উদযাপন। ছবি: টুইটার

আরেক ম্যাচে স্তাদিও অলিম্পিকো দে লা ইউসিভিতে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ব্রাজিল। ৬ষ্ঠ মিনিটে পেদ্রোর কর্নারে হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন ইয়াগো। বাকি সময় জুড়ে অবশ্য বলের দখলে আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। তবে ব্রাজিলের জমাট রক্ষণ ভাঙতে পারেনি সিজার তোরেসের শিষ্যরা।