বার্সার মেয়েদের হারাল মাদ্রিদ

ইতিহাস তারা বদলে দিয়েছে ঠিকই, কিন্তু তাতেও থেকে গেল বিতর্কের রেশ

ছেলেদের ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাটা তীব্র, কখনো রেয়াল মাদ্রিদ জেতে, তো কখনো বার্সেলোনা। কিন্তু স্পেনের মেয়েদের ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ের ফল মানে যেন একটিই ছিল – বার্সেলোনার জয়। ছিল? অতীতবাচক শব্দেই বলতে হচ্ছে, কারণ আজ মেয়েদের স্প্যানিশ লিগে অবশেষে বার্সেলোনাকে প্রথমবার হারানোর স্বাদ পেয়েছে রেয়াল মাদ্রিদ।

বদলি নামা খেলোয়াড় ক্যারোলাইন উইয়ার শেষ দিকে জোড়া গোল করেছেন, তাতে অলিম্পিক স্টেডিয়ামে আজ বার্সার মেয়েদের ৩-১ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ ফেমিনি। এতে লিগা ফেমেনিনার শিরোপার লড়াইও অনেকটা জমিয়ে দিয়েছে মাদ্রিদ। লিগে আর ৭ ম্যাচ বাকি, এই অবস্থায় শীর্ষে থাকা বার্সার (৬৩ পয়েন্ট) সঙ্গে ব্যবধানটা ৪ পয়েন্টে নামিয়ে এনেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা মাদ্রিদ।

৪১ মিনিটে আলবা রেদোনদোর গোলে মাদ্রিদ এগিয়ে গিয়েছিল, ৬৭ মিনিটে ক্যারোলাইন হানসেনের গোলে সমতায় ফেরে বার্সা। কিন্তু বদলি নামা স্কটিশ তারকা উইয়ার ৮৭ মিনিটে দ্বিতীয় দফায় এগিয়ে দেন মাদ্রিদকে, আর জয় নিয়ে সব অনিশ্চয়তা ধুয়েমুছে দেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটের গোলে।

অবশ্য এর আগে বিতর্কও ছিল, উইয়ারের প্রথম গোলের আগে বার্সার ইয়ানা ফের্নান্দেসের একটা গোল অফসাইডে বাতিল হয়েছে। কিন্তু রিপ্লেতে দেখা যায়, অফসাইড হওয়ার ধারেকাছেও ছিলেন না ফের্নান্দেস বা বার্সার কেউ। ঝামেলাটা হলো, লিগা ফেমেনিনায় ভিএআরের ব্যবস্থা নেই। ফলে মাঠের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

বিতর্ক নিয়েই শেষ পর্যন্ত ইতিহাস গড়েছে মাদ্রিদের মেয়েরা। ২০০০ সালে মাদ্রিদের মেয়েদের দল গঠনের পর এ ম্যাচের আগ পর্যন্ত ১৮ বারে কখনো জেতেনি মাদ্রিদ। আজ সে ইতিহাস বদলে দিয়েছে তারা।