বার্সেলোনাকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে রেয়াল মাদ্রিদ

বার্সেলোনার সঙ্গে লিগে ৪-০ ব্যবধানে হারের পরই আসলে লিগ শিরোপা প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছিল রেয়াল মাদ্রিদ। তবু লিগে অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে বার্সেলোনার পয়েন্ট খোয়ানো মাদ্রিদকে লিগ দৌড়ে টিকিয়ে রেখেছিল।

কিন্তু একদিকে বার্সেলোনা দুর্দান্ত খেলছে, অন্যদিকে প্রতি ম্যাচেই নিজের কৌশলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। গতকাল ঘরের মাঠে অবনমনের শঙ্কায় থাকা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল মাদ্রিদ। এমন প্রতিপক্ষের বিপক্ষেও ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরে বসেছে মাদ্রিদ।

এমন  হারের পর আনচেলত্তিও এক প্রকার মেনে নিয়েছেন লিগ শিরোপা নিয়ে ভেবে লাভ নেই। 

গতকালের আগে অবনমন অঞ্চল থেকে মাত্র ৪ পয়েন্ট এগিয়ে ছিল ভ্যালেন্সিয়া। অবশ্য এটাই স্বাভাবিক, পুরো মৌসুমে গতকালের আগে প্রতিপক্ষের মাঠে যে জিততেই পারেনি দলটি। ভিনিসিয়ুসের পেনাল্টি মিস আর যোগ করা সময়ে উগো দুরোর হেড ভ্যালেন্সিয়াকে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছে।

ম্যাচে দাপট মাদ্রিদেরই ছিল। কিন্তু আগামী জুলাইয়ে লিভারপুলে যোগ দিতে যাওয়া জিওর্জি মামারদাশভিলি নিজের ফর্ম ফিরে পেতে গতকালের ম্যাচকে বেছে নিয়েছেন। জর্জিয়ান গোলকিপার একের পর এক সেভ করে ম্যাচে তাঁর দলকে টিকিয়ে রেখেছেন। এর মধ্যে ১১ মিনিটে ভিনিসিয়ুসে জুনিয়রের একটি পেনাল্টিও সেভ করেছেন। 

চার মিনিট পরই মুকতার দিয়াখাবি সফরকারীদের এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির ৪ মিনিট পর ওই ভিনিসিয়ুসই ম্যাচে সমতা ফেরান। এরপর এমবাপ্পে, বেলিংহাম ও ভালভার্দের তিনটি শট দুর্দান্তভাবে ফিরিয়ে দিয়েছেন মামারদাশভিলি। ৯৪ মিনিটে উলটো প্রতিআক্রমণে উগো দুরো গোল করে বসেন।

এমন হারের পর বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে মাদ্রি। গতকাল ঘরের মাঠে রেয়াল বেতিসের সঙ্গে ড্র করেছে বার্সেলোনা। ৮ ম্যাচে এই ব্যবধান কমানোর আশা ছেড়ে দিয়েছেন আনচেলত্তি। এখন কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগেই সব মনোযোগ দিতে চান।

সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আরেকটু জোর দিয়ে লিগে লড়াই করার সুযোগ হারিয়েছি আমরা। কিন্তু বার্সেলোনার বিপক্ষে (কোপা দেল রে) ও আর্সেনাল (চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল) ম্যাচ ভিন্ন ব্যাপার। ওই দুই দল আরও বেশি আক্রমণ করবে এবং ম্যাচের গল্প একদম ভিন্ন হবে। এটা সত্যি, রক্ষণে আমাদের ভালো হতে হবে এবং আক্রমণে আরও নিখুঁত হতে হবে, কিন্তু এখন মনোযোগ হারানোর সময় না। এটা সত্য এখন আমাদের বিপক্ষে গোল করা প্রতিপক্ষের জন্য কঠিন কিছু না। কিন্তু এ নিয়ে অনুযোগ করার কিছু নেই।’

গতকাল মাদ্রিদের হারে রক্ষণের ভুল ছিল, ছিল গোলবারে দক্ষ হাতের অনুপস্থিতির প্রভাব। মূল গোলকিপার থিবো কোর্তোয়া চোটে পড়েছেন, গত মৌসুমে মাদ্রিদকে ডাবল জেতানোর নায়ক আন্দ্রি লুনিনও চোটে পড়েছেন। গতকাল ১৯ বছর বয়সী ফ্রান্স গন্সালেস নামলেও এত বড় মঞ্চের জন্য যে তিনি প্রস্তুত নন, তা বোঝা গেছে। 

আনচেলত্তি মঙ্গলবার আর্সেনালে ম্যাচ নিয়ে তাই কিছুটা চিন্তিত, ‘কোর্তোয়া আজ অনুশীলন করেছে, এবং কোনো অস্বস্তি বোধ করেনি। ও সেদিন থাকতে পারবে কি না তা নিশ্চিত না হওয়ায় আমরা আজ লুনিনকে নিয়েও ঝুঁকি নেইনি। সেরে ওঠার জন্য আরও দুইদিন সময় পাচ্ছে দুজন। তারপর দেখি কী হয়।’