ছয় ম্যাচ হাতে রেখেই লিগ আঁ জিতে নিয়েছে পারি সাঁ জার্মেই। গতকাল অঁজেকে ১-০ গোলে হারানোর পর ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট হয়ে গেছে পিএসজির। দুইয়ে থাকা মোনাকো ওদিকে হেরে যাওয়ায় তাদের পয়েন্ট ৫০-ই রয়ে গেছে। ফলে মৌসুমের বাকি ছয় ম্যাচে হেরে গেলেও পিএসজি ৬ পয়েন্ট নিশ্চিত দূরত্বে থাকবে মোনাকোর।
কোচ লুস এনরিকে অবশ্য এখনই তৃপ্তির ঢেকুর তুলতে রাজি নন। লিগে আর ছয় ম্যাচ বাকি, বাকি ম্যাচগুলোতেও ইতিবাচক ফল চাই তাঁর। আর সেটা করতে পারলেই হবে ইতিহাস। এমবাপ্পে, নেইমার কিংবা মেসিকে দলে নিয়েও যা কখনো করতে পারেনি পিএসজি। এমনকি ফ্রান্সের ইতিহাসেই এমন কিছু দেখা যায়নি।
লিগ আঁতে সর্বোচ্চ ৩২ ম্যাচ টানা অপরাজিত থাকতে দেখা গেছে কোনো দলকে। ৩০ বছর আগে লিগ জেতার পথে এই কীর্তি গড়েছিল নঁতে। তবে সে মৌসুমে একটি ম্যাচ হেরে যাওয়ায় ফ্রান্সে কোনো দল কখনো অপরাজিত থেকে লিগ শেষ করতে পারেনি।
লুইস এনরিকে বলেছেন, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা উৎসব দেখাচ্ছে আমরা কত উচ্চ পর্যায়ে উঠেছি এই মৌসুমে। আমরা এই লক্ষ্য অর্জন করেছি, কিন্তু আমাদের আরও ম্যাচ খেলা বাকি। এই মৌসুম অপরাজিত থেকে শেষ করতে চাই। ফ্রান্সে এটা কেউ আগে করতে পারেনি, তাই আমরা এটা করতে চাই। চ্যাম্পিয়নস লিগ ও কুপ দ্য ফ্রান্সেও সাহায্য করবে।’
মেসি-নেইমার আগের মৌসুমেই চলে গিয়েছিলেন। এ মৌসুমে কিলিয়ান এমবাপ্পেও বিদায় নিয়েছেন। কিন্তু পিএসজি দল হিসেবে আরও দুর্দান্ত হয়ে উঠেছে। দেমবেলে (২১) ও বারকোলা (১৩) ছাড়া আরও ১৬ জন গোল করেছেন এই মৌসুমে। তাতে ২৮ ম্যাচেই লিগে ৮০ গোল পেয়ে গেছে পিএসজি।
এই মৌসুমে লিগে মাত্র পাঁচ ম্যাচে পয়েন্ট খুইয়েছে পিএসজি। আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নামবে পিএসজি। অর্থের ঝনঝনানি দেখানো ম্যানচেস্টার সিটি অবশেষে ইউরোপিয়ান সাফল্য পেলেও পিএসজি এখনো চ্যাম্পিয়নস লিগের ছোঁয়া পায়নি।
এনরিকে আশাবাদী, ‘সামনে দুই মাস আছে, আমরা দারুণ ফর্মে আছি। আমাদের লক্ষ্য এটা চালিয়ে যাওয়া এবং চ্যাম্পিয়নস লিগে যতদূর সম্ভব যাওয়া।’