পুরনো ‘শত্রু’ পেয়েই শক্তি দেখালেন তারা

ম্যাচটা ছিল বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে। তবে হানসি ফ্লিকের জন্য উপলক্ষ্য ছিল পুরোনো শত্রুকে ফিরে পাওয়ার। হাজার হলেও ডর্টমুন্ডের চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের সাবেক কোচ তিনি। সম্ভাব্য সব শিরোপা জেতার পথে ডর্টমুন্ডকে নিয়মিত নাজেহাল করে এসেছেন। আবার কাল ডর্টমুন্ডের ডাগআউটে যিনি ছিলেন, সেই নিকো কোভাচের অধীনে মিউনিখের সহকারী কোচ ছিলেন। কোভাচ ছাঁটাই হওয়ার পর একই মৌসুমে বায়ার্নকে ছয় শিরোপা জিতিয়েছেন ফ্লিক। 

রবের্ত লেবানদফস্কির জন্য ব্যাপারটা একটু জটিল। বায়ার্ন মিউনিখে আট বছর পার করার আগে ডর্টমুন্ডেও চার বছর কাটিয়েছেন। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডর্টমুন্ডকে পেয়ে জোড়া গোল করেছেন। ফ্লিকের বার্সেলোনা ম্যাচ শেষ করেছে ৪-০ গোলের জয়ে।

গত ডিসেম্বরের পর থেকে হারের মুখ দেখেনি বার্সেলোনা। কাল ঘরের মাঠে সবদিক থেকেই ফেবারিট ছিল বার্সেলোনা। ২৫ মিনিটে ফর্মে থাকা রাফিনিয়া দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময় ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেল বনাম বার্সেলোনার আক্রমণভাগের লড়াইয়ে জিতেছেন কোবেল।

গোল পেয়েছেন তিনজনই। ছবি: রয়টার্স

দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেন সুইস গোলকিপার। ৪৮ মিনিটে রাফিনিয়রা পাস থেকে গোল লেভানদফস্কির। ৬৬ মিনিটে দ্বিতীয় গোলও পেয়ে যান। ৭৭ মিনিটে আক্রমণের অন্যজন-লামিন ইয়ামালও পেয়ে যান গোল। ৪-০ ব্যবধানের জয় নিয়ে প্রতিপক্ষের মাঠে যাবে বার্সা। বলতে গেলে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত।

নিকট অতীতে প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পরও পরের রাউন্ডে যেতে ব্যর্থ হয়েছিল শুধু পিএসজি। ২০১৭ সালে সে ম্যাচে দলটির প্রতিপক্ষ ছিল বার্সেলোনা। তবে লেভানদফস্কি এখনই সে আলোচনায় যেতে চান না, ‘আমার ধারণা খুব ভালো খেলেছি কিন্তু এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছি না। যে মনোযোগ ও মানসিকতা আমাদের এতদূর এনেছে সেটা ধরে রাখতে চাই।’

২০২৫ সালে শীর্ষ পাঁচ লিগে শুধু বার্সেলোনাই অপরাজিত আছে। টানা ২৩ ম্যাচ হারেনি তারা। এই মৌসুমে ৪৮ ম্যাচে ১৪৫ গোল করেছে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে। এই দলের বিপক্ষে বুন্দেসলিগায় আটে থাকা ডর্টমুন্ড কোনো গোল না খেয়ে চার গোল দিয়ে সেমিফাইনালে উঠতে পারবে- এর পক্ষে বাজি ধরার লোক খুব কম।

কিন্তু ফ্লিকও নিজের স্ট্রাইকারের মতোই নিরাপদে হাঁটছেন, ‘না, না, না, না, না, না, না, না… আমরা এখনো উঠে যায়নি! ফুটবলে কখনোই বলতে পারবেন না কী হবে, কারণ এটা একটা পাগলাটে খেলা।’