গতকাল রাতে ইন্তার মিলানোকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছে পারি সাঁ জার্মেই (পিএসজি)। বহু বছরের অপেক্ষা ফুরোনোর আনন্দে উন্মাতাল হয়ে পড়েন পিএসজি সমর্থকেরা। জয়োৎসব করতে গিয়ে এতটাই বাড়াবাড়ি হয়েছে যে দুজনের মৃত্যু হয়েছে, আর শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর দাক্স-এ ১৭ বছর বয়সী এক কিশোরকে বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এই আঘাতে মৃত্যু হয়েছে সে কিশোরের। ওদিকে প্যারিসে গাড়ির আঘাতে ২৩ বছর বয়সী এক স্কুটার চালক নিহত হয়েছেন।
দাক্স মেয়র জুলিয়েঁ দুবোঁ বলেছেন, ‘আজ রাতের নাটকীয়তায় আমরা স্তব্ধ। দ্রুত এই ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি দেওয়া জরুরি।’
প্যারিস প্রসিকিউটরের অফিস জানিয়েছে, প্লাস দে তেরনেসে দুর্বৃত্তদের ছোড়া বস্তুতে দুজন পুলিশ আহত হয়েছেন। ওই এলাকায় বেশ কিছু দোকানে লুটপাট হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লুটপাটের সময় ৩০জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এমন কিছু ঘটতে পারে ভেবে ৫ হাজার ৪০০ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্যারিসের নিরাপত্তা রক্ষা করার জন্য।
দক্ষিণ পূর্ব ফ্রান্সের গ্রেবোবলে পিএসজি সমর্থকদের ওপর একটি গাড়ি তুলে দেওয়া হয়েছিল, তাতে চারজন আহত হয়েছেন। আহতরা সবাই একই পরিবারের সদস্য, এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। চালক নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।