বলছেন জামাল ভুঁইয়া

‘১০ জন মানুষ থাকলে যে চাপ, ২০ হাজার থাকলেও একই চাপ’

আগামীকাল জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে এই ম্যাচ মূলত হাইভোল্টেজ তকমা পেয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচের পারফরম্যান্সের কারণে। সফরকারী দল হয়েও বাংলাদেশ যেভাবে এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে ভারতকে রুখে দিয়েছিল, তাতেই বাংলাদেশের ফুটবল নিয়ে সমর্থকরা এখন নতুন করে স্বপ্ন দেখছে। 

সমর্থকদের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও স্বপ্ন দেখছেন সিঙ্গাপুরকে হারানোর। যদিও র‍্যাংকিংয়ে বাংলাদেশ(১৮৩) সিঙ্গাপুরের (১৬১) চেয়ে ২২ ধাপ পিছিয়ে। বাংলাদেশ অধিনায়ক আজ জানিয়ে দিয়েছেন ৩ পয়েন্ট পাওয়ায় থাকবে তাঁদের লক্ষ্য।   


রাজধানীর একটি হোটেলে ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া স্পষ্ট করে বলেছেন, ‘কতজন মানুষ ম্যাচটা দেখবে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের। হ্যাঁ, এটা ঠিক, চাপ এবং এই উত্তেজনাটা আমরা অনুভব করি। কিন্তু খেলার সময় আমাদের চিন্তা থাকবে কীভাবে ম্যাচটা জেতা যায়।’


হামজা চৌধুরি-শমিত সোমরা আসায় দর্শকদের বাড়তি উন্মাদনা মাঠের পারফরম্যান্সে চাপ হবে কি না এমন প্রশ্নের জবাবে জামালের সহজ উত্তর, ‘দশজন মানুষ থাকলে যে চাপ, ২০ হাজার মানুষ থাকলেও একই চাপ থাকবে। আমাদের কাজ পারফর্ম করা।’


ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগ পাননি জামাল। কোচ হ্যাভিয়ের কাবরেরা সিঙ্গাপুরের বিপক্ষে জামালকে শুরুর একাদশে রাখবেন কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে। তবে জামাল অবশ্য এসব নিয়ে ভাবছেন না। এই ব্যাপারে জামাল জানিয়েছেন তিনি খেলতে চান, ‘আমি একজন খেলোয়াড় আমি সব সময় খেলতে চাই। যদি ১০ মিনিট হয় অথবা ৬০ মিনিট হয় যতটা সময় পাই না কেন খেলতে চাই।’


আগামীকালকের ম্যাচে বাংলাদেশ জয় ছাড়া কিছু ভাবছে না। নিজেদের লক্ষ্য জানিয়ে জামাল বলেছেন, ‘আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে। এটাও ঠিক আমাদের কিন্তু ক্লিনশিটও ধরে রাখতে হবে। যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তবে ফুটবলে জয়টাই মুখ্য। আপনি তিন গোলে জেতেন বা এক গোলে দিনশেষে পয়েন্ট পাওয়াই সবকিছু। আমাদেরও লক্ষ্য, তিন পয়েন্ট তুলে নেওয়া।’