এসপানিওল সমর্থকদের এই মুহূর্তে কেমন ক্ষোভ হচ্ছে, সেটা সম্ভবত না বললেও চলছে। এমনিতে বার্সেলোনার সঙ্গে এসপানিওলের কোনোভাবে তুলনা হয় না – না সাফল্যে, না বৈশ্বিক দাপটে, না মাঠের ফুটবলে। কিন্তু এসপানিওল সমর্থকদের তো অত হিসাবের দরকার নেই। বার্সেলোনা তাঁদের নগরপ্রতিদ্বন্দ্বী, ফুটবল মাঠে তাদের ‘শত্রু!’ আর এখানে কোনো সন্ধি হয় না!
কিন্তু সেই সন্ধিটাই করে বসছেন গত মৌসুমেও এসপানিওলের জার্সিতে স্প্যানিশ লিগে আলো ছড়ানো গোলকিপার হোয়ান গার্সিয়া। ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার যোগ দিচ্ছেন বার্সেলোনায়! সে জন্য এসপানিওলের সঙ্গে তাঁর রিলিজ ক্লজের ২ কোটি ৫০ লাখ ইউরো এরই মধ্যে পরিশোধ করা হয়ে গেছে লা লিগার অফিসে। এখন শুধু তাঁর বার্সায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এমন মুহূর্তে এসপানিওল সমর্থকদের উদ্দেশে এক বার্তা দিয়েছেন গার্সিয়া। বিদায়ী বার্তা আর কী! ৯ বছর ক্লাবটাতে কাটানো, ক্লাবের যুবদল হয়ে মূল দলে গিয়ে স্পেন মাতিয়ে তোলা গোলকিপার এসপানিওল সমর্থকদের উদ্দেশে তাঁর সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেছেন, তিনি এই প্রত্যাশা রাখেন না যে এসপানিওল সমর্থকেরা তাঁর সিদ্ধান্তের কারণ বুঝবেন।
গার্সিয়া অবশ্য তাঁর বার্তায় বার্সেলোনা শব্দটিও একবারের জন্য উচ্চারণ করেননি। তা-ই অবশ্য স্বাভাবিক, বার্সায় যোগ দেওয়ার ব্যাপারটি তো এখনো আনুষ্ঠানিক হয়নি! তা ছাড়া তাঁকে নিজেদের ক্লাবে নিবন্ধন করানোর আগে বার্সারও আর্থিক বিবরণীতে কিছু হিসেব মেলানো বাকি আছে, অন্তত লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস গতকাল তা-ই বলেছেন।
তা গার্সিয়া শুধু তাঁর এসপানিওল ছাড়ার ব্যাপারেই কথা বলেছেন। ব্যাকগ্রাউন্ডে বিদায়ের আবেগী সুর সংযোজন করা ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গত ৯ বছরে এসপানিওলে তাঁর পথচলায় ক্লাবটিতে তাঁর যত কোচ, সতীর্থ ও স্টাফ ছিলেন, সবাইকে ধন্যবাদ দিয়েছেন। সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আলাদা করে। এসপানিওল জার্সিটা কতটা গর্ব নিয়ে এতদিন গায়ে জড়িয়েছেন, ক্লাবটার কর্নেয়া-এল প্রাত স্টেডিয়ামের গোলপোস্ট সামলানো তাঁর জন্য কতটা আবেগের ছিল, সেসব বলেছেন।
এরপর এক পর্যায়ে তাঁর সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘জানি আমার এই সিদ্ধান্তটা সবার পক্ষে বোঝা সহজ হবে না। আমি আপনাদের সেটা বলছিও না।’
বার্সার মতো দেনার দায়ে এসপানিওলও জর্জরিত, কিন্তু তাদের তো আর বার্সার মতো স্পনসরশিপ থেকে অত আয়ের সুযোগ নেই। তাদের তাই খেলোয়াড় বিক্রি করতেই হতো এই মৌসুমে। গার্সিয়াকে পেতে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইউরোপের অনেক ক্লাব আগ্রহী বলেও শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গার্সিয়া যাচ্ছেন এসপানিওলের ‘চিরশত্রু’ বার্সায়!
বার্সার কথা তো তিনি উল্লেখ করেননি, তবে এসপানিওল ছাড়ার পেছনে ক্লাবের আর্থিক অবস্থার দিকেও প্রচ্ছন্ন ইঙ্গিত করে গার্সিয়া বলেছেন, ‘আপনাদের শুধু এতটুকু বুঝতে অনুরোধ করি যে, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে অনেক ভাবনা-চিন্তা করতে হয়েছে আমাকে। শুধু আমার ক্যারিয়ারের কথাই নয়, এই ক্লাবটা (এসপানিওল), আমার পরিবার ও আমার নিজের জন্যও কোনটি সেরা হবে সেটাও ভেবেছি।’
তবে তাঁর বার্সায় যোগ দেওয়া তো এখন ওপেন সিক্রেটই, তাই ভিডিওতে কমেন্টগুলো কেমন আসবে, সেটা গার্সিয়া আঁচ করতে না পারার কোনো কারণ নেই। সে কারণেই কি না, ভিডিওতে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন তিনি।
এদিকে গার্সিয়া এত আবেগ ঝরানো ভিডিও দিয়ে যখন এসপানিওল সমর্থকদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন, এসপানিওল কয়েক শব্দের খটখটে এক বার্তায় দিয়েছে তাঁর ক্লাব ছাড়ার ঘোষণা, ‘গোলকিপার হোয়ান গার্সিয়া তাঁর রিলিজ ক্লজের – ২৫ মিলিয়ন প্লাস সিপিআই – অঙ্কটা পরিশোধ করে দিয়েছেন। এর মাধ্যমে এসপানিওলের খেলোয়াড় হিসেবে তাঁর সময়ের শেষ টানলেন।’