গতকাল ইতালির সিরি ‘বি’র রেলিগেশন প্লে-অফে হারতে বসেছিল সালেরনিতানা। সমর্থকেরা এমন ধুঁকে ধুঁকে যন্ত্রণা আর নিতে পারছিলেন না। তাই মাঠে স্মোক বোম ও গ্যালারির আসন ছুড়ে মারছিলেন স্বাগতিক সমর্থকেরা।
তাতে খেলা পণ্ড হয়ে যায়। আর তাতে ম্যাচ শেষ না হওয়ার পর সিরি ‘সি’তে নেমে যাওয়া নিশ্চিত হয়েছে গত বছরও সিরি ‘আ’ খেলা দলটি।
প্রথম লেগে সাম্পদরিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে সালেরনিতানা। দ্বিতীয় লেগে ঘরের মাঠেও ফল বদলায়নি। ৩৬ মিনিটে নিজেদের একটি গোল বাতিল হওয়ার দুঃখ কাটতে না কাটতেই ৩৮ মিনিটে গোল হজম করে স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আরেক গোল। এতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে পিছিয়ে পরে সালেরনিতানা। ৬৫ মিনিটের মাথায় আর সহ্য হয়নি সমর্থকদের।মাঠে বোমা ও সিট ছুঁড়ে মারা শুরু করেন। কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে আবার ফেরার চেষ্টাটা করা হয়েছিল। কিন্তু সমর্থকদের তাণ্ডবে খেলা বাতিল করে দেওয়া হয়।
ম্যাচের ফল এখনো প্রকাশিত হয়নি। তবে এসব ক্ষেত্রে নিয়ম হলো, প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে জয়ী দেখানো। আর সেক্ষেত্রে সালেরতিনার সিরি ‘সি’তে নেমে যাওয়া নিশ্চিত।
টানা দুই বছর রেলিগেটেড হলো ২০২১ সালে ইতালির শীর্ষ লিগে ফেরা সালেরনিতানা। এমন ফলে গভীর হতাশার কথা জানিয়েছেন ক্লাবের প্রধান নির্বাহী মরিসিও মিলান।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মিলান বলেছেন, ‘খুবই দুঃখের এক রাত। ক্লাবের জন্য, শহরের জন্য, সমর্থকদের জন্য। কিছু বলার নেই, শুধু তীব্র হতাশা। সরাসরি বলে দিচ্ছি, কোনো অজুহাত নেই। এই কদিন কী হয়েছে তা নিয়ে কথা বলব পরে। বাতিল গোলে ওরা আমাদের নার্ভাস করে ফেলেছিল, পেনাল্টিও দেয়নি। সমস্যা হলো, আমাদের তো প্লে-অফ পর্যন্ত আসাই উচিত না।’