রেয়াল মাদ্রিদকে ধাক্কা দিয়েছিল, গার্দিওলার সিটিকে বাড়িই পাঠিয়ে দিল সৌদি ক্লাব

ম্যাচের ১১২ মিনিটের খেলা চলছে। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি-আল হিলালের ম্যাচ তখন ৩-৩ সমতায়। এমন সময় বাঁপ্রান্ত থেকে ক্রস করেন হিলাল লেফট ব্যাক রেনান লোদি। সেই ক্রসে বক্সের ভেতর থেকে হেড করেন মিলিঙ্কোভিচ-স্যাভিচ। ডানদিকে ঝাঁপিয়ে বলটা ঠেকিয়েছেল সিটি গোলকিপার এদেরসন। কিন্তু ফিরতি বল সামনে দাঁড়ানো হিলালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লেওনার্দোর শরীরে লেগে আটকে যায়। এরপর আলতো করে পা লাগিয়ে বলটা জালে পাঠান লেওনার্দো।

আল হিলাল এগিয়ে যায় ৪-৩ ব্যবধানে। এ সময় দুটি ঘটনা ঘটে। টিভি ক্যামেরা যায় দর্শক সারিতে। সেখানে হিলালের জার্সি পরিহিত এক সমর্থক গলায় দুই হাত দিয়ে জিহ্বা বের করে ফাঁসির প্রতীকি উদযাপন করেন।

অন্যদিকে হিলালের গোলদাতা লেওনার্দো কর্নার পতাকার ওপর নিজের জার্সি রেখে সেটি উঁচিয়ে ধরেন। যেন জানান দিলেন, ‘আমাদের চিনে নাও।’

হিলাল যা করেছে, তাতে লেওনার্দো এভাবে উদযাপন না করলেও তাদের অস্তিত্বের জানান দেওয়া হয়েছে। এর আগে গ্রুপ পর্বে রেয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছিল আল হিলাল, আজ ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সিটিকে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই উঠে গেছে সৌদি আরবের ক্লাবটি। আর পেপ গার্দিওলার দল বিদায় নিল শেষ ষোলো থেকেই।

অথচ ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সিটি। নবম মিনিটে দারুণ দলীয় আক্রমণে সিটিকে এগিয়ে (১-০) দেন বের্নাদো সিলভা। প্রথমার্ধে নিজেদের দাপট জানান দিলেও ব্যবধান আর বাড়াতে পারেনি গার্দিওলার দল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চমকে দেয় হিলাল। ৪৬ মিনিটে বক্সের ভেতর জটলায় বল পেয়ে হিলালকে সমতায় ফেরান মার্কোস লেওনাদ্রো। সেখানেই থেমে থাকেনি সৌদি ক্লাবটি। ৬ মিনিট পর দারুণ এক প্রতিআক্রমণে লিডও পেয়ে যায় সিমিওনে ইনজাগির শিশ্যরা। জোয়াও ক্যানসেলোর লম্বা করে বাড়ানো বল প্রায় মধ্যমাঠ থেকে টেনে নিয়ে গিয়ে হিলালকে এগিয়ে (২-১) দেন ম্যালকম।

৩ মিনিট পরই সিটিকে আবার সমতায় ফেরান আর্লিং হলান্ড। বের্নাদো সিলভার কর্নারে বক্সের ভেতর জটলায় বল পেয়ে স্কোরলাইন ২-২ করেন নরওয়েজিয়ান তারকা।

নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরেকদফা নাটক। ৯৪ মিনিটে কালিদো কৌলিবালির গোলে হিলাল এগিয়ে যাওয়ার পর ১০৪ মিনিটে সিটিকে ম্যাচে ফেরান ফিল ফোডেন। এরপর ১১২ মিনিটে লেওনাদ্রোর ওই গোল। শেষ পর্যন্ত সেটাই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।

কোয়ার্টার ফাইনালে হিলালের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স। গতকাল সোমবার রাতের ম্যাচে ইন্তের মিলানকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।