গতকাল রাতে টটেনহাম হটস্পারকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে পারি সাঁ জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ইউরোপা লিগ জয়ী টটেনহাম।
এ কারণেই পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, এ জয় তাদের প্রাপ্য না।
ম্যাচের মতো টাইব্রেকারেও পিছিয়ে গিয়েছিল পিএসজি। টটেনহাম নিজেদের প্রথম শট জায়গামতো পাঠাতে পারলেও পিএসজির ভিতিনিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে টটেনহামের তৃতীয় ও চতুর্থ শট নিতে যাওয়া মিকি ভন দে ভেন ও মাতিস তেল মিস করে বসেন। টাইব্রেকার সবার শেষে শট নেওয়া নুনো মেন্দেস কোনো ভুল না করায় ৪-৩ ব্যবধানে জয় পায় চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।
টাইব্রেকারে শট মিস করা ভন দে ভেনই ম্যাচের ৩৯ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান ক্রিস্তিয়ান রোমেরো। ৮৫ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, ক্লাব বিশ্বকাপের মতো ইউরোপিয়ান সুপার কাপেও ইংলিশ ক্লাবের কাছে হারই ভাগ্যে লেখা আছে এনরিকের।
কিন্তু ৮৫ মিনিটে বদলি নামা কাং-ইন লি গোল করে ম্যাচ জমিয়ে দনে। ৯৪ মিনিটে আরেক বদলি গনসালো রামোস ম্যাচে সমতা ফেরান।
ম্যাচ শেষে এনরিকে তাই বলেছেন, ’৮০ মিনিট পর্যন্ত এটা আমাদের প্রাপ্য ছিল না। আমার ধারণা টটেনহামের এই জয় প্রাপ্য ছিল। ওরাই ফর্মে ছিল। ছয় সপ্তাহ ধরে অনুশীলন করছে, এবং ওরা দারুণ ম্যাচ খেলেছে।’
ক্লাব বিশ্বকাপের কারণে গত মাসে ব্যস্ত সময় কাটানো পিএসজি এরপর ছুটি কাটিয়েছে। মাত্র এক সপ্তাহ আগে অনুশীলনে ফিরেছে তারা। গতকালের ম্যাচে এরই প্রভাব ছিল বলে দাবি এনরিকের, ‘আমরা মাত্র ছয় দিন হলো অনুশীলন করছি। কিন্তু মাঝে মাঝে ফুটবল ন্যায্য ফল দেয় না। বলতেই হচ্ছে শেষ ১০ মিনিটে দুই গোল করতে পেরেছি, এটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেছে, আমাদের সমর্থকেরাও।’