গত মৌসুমে চার ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। লিগ শিরোপা ধরে রাখতে অল রেডদের যে এবার আরও কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করা হচ্ছে, তার একটা কারণ আর্সেনাল - এখনো তেমন সাফল্য না পেলেও মিকেল আর্তেতার অধীনে যারা শক্তিশালী। ম্যান সিটি, চেলসির চেয়েও এবার লিভারপুলের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে আর্সেনালকেই।
গতকাল রোববার রাতে সেই বড় ‘শত্রু’ আর্সেনালের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে উত্তাপ ছড়ানো ম্যাচের শেষ দিকে দমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।
এ জয়ের রেশ শেষ হতে না হতেই আরও একটা বড় চমক পেয়েছে লিভারপুল সমর্থকেরা। নিউক্যাসল থেকে দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের রেকর্ড গড়ে সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে দলে টানতে যাচ্ছে লিভারপুল। ২৫ বছর বয়সী এ স্ট্রাইকারকে পেতে ১৩ কোটি পাউন্ড খরচ করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২০০ কোটি টাকা!
অবশ্য ইসাককে অনেকদিন ধরেই চাচ্ছিল লিভারপুল। ক্লাবটিতে যাওয়ার জন্য মরিয়া ছিলেন সুইডিশ তারকাও। অলরেডদের জার্সি গায়ে জড়াতে রীতিমতো বিদ্রোহ করে বসেছিলেন তিনি। তবে দরদামে বনিবনা হচ্ছিল না ইসাককে ছাড়ছিল না নিউক্যাসল। অবশেষে ১৩ কোটি পাউন্ডে সুইডিশ স্ট্রাইকারকে ছাড়তে রাজি হয়েছে ক্লাবটি- এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) এমনটাই জানিয়েছেন দলবদল নিয়ে বিশ্বস্ত সাংবাদিক ফাব্রিসিও রোমানো। ইতালিয়ান এ সাংবাদিক আরও জানিয়েছেন, আজই মেডিকেল টেস্টও করে ফেলবেন ইসাক।
আর্সেনাল-লিভারপুল ম্যাচে ফেরা যাক। ঘড়ির কাটায় ম্যাচের বয়স ৮০ মিনিট পেরিয়ে গেলেও জালের দেখা পাচ্ছিল না কোনো দল। অবশ্য মাঝে একবার আর্সেনালের জালের বল জড়িয়েছিলেন উগো একিতিকে। কিন্তু অফসাইডে থাকায় ফ্রেঞ্চ স্ট্রাইকারের গোলটি বৈধতা পায়নি।
কোনোভাবেই গোল হচ্ছিল না বলে ম্যাচের ফল যখন ড্র বলেই ধরে নেওয়া হচ্ছিল, ৮৩ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি কিকে ডেডলক ভাঙেন সোবোসলাই।
ক্রীড়াঙ্গনে পরিসংখ্যান বিষয়ক বিশ্বস্ত মাধ্যম অপটা জানাচ্ছে, প্রিমিয়ার লিগে ২০০৭ সালের পর এই প্রথম সরাসরি ফ্রি-কিকে জয়সূচক গোলের দেখা পেল লিভারপুর। এর আগে দেড় যুগ আগে এমনই এক আগস্টে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৮৭ মিনিটে লিভারপুলের জয়সূচক গোলটি করেছিলেন যিনি, তিনি লিভারপুলের ৮ নম্বর জার্সিটাকে কিংবদন্তিতুল্য করে রেখেছেন - স্টিভেন জেরার্ড। সোবোসলাইয়ের জার্সি নম্বর? ৮!
এ গোলেই আরও একটা কীর্তি গড়েছে লিভারপুল। এ নিয়ে টানা ৩৭ লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়াল দলটি, যা লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ।