বিদায় বলে দিয়েছিলেন, তিন মাস পরই ফিরলেন অন্য দলের হয়ে

নটিংহাম ফরেস্ট আজ সকালেই কোচ নুনো এসপিরিতোকে ছাঁটাই করার খবর দিয়েছিল। দিনের মাঝপথেই এসেছে নতুন কোচ নিয়োগের খবর। টটেনহামকে ১৭ বছর পর কোনো শিরোপার স্বাদ দেওয়া আঞ্জ পস্তেকগলুকে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল।

বিদায়ী কোচ নুনোকে বেশ রুক্ষভাবে বিদায় দিয়েছে নটিংহাম। ৮০ শব্দের বিদায়ী বার্তায় মালিকের কোনো বক্তব্য ছিল না। কিন্তু পস্তেকগলুকে আমন্ত্রণ জানানোর বেলায় মালিক এভানগেলোস মারিনাকিস প্রশংসায় ভাসিয়েছেন নতুন কোচকে। তাঁর ‘নিয়মিত ট্রফি জেতার’ অভ্যাসের প্রশংসা করেছেন।

গত মৌসুমে টটেনহামকে ইউরোপা লিগ এনে দিলেও লিগে ১৭তম হয়েছিলেন পস্তেকগলু। তাই গ্রিক বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান কোচকে ছাঁটাই করেছিল টটেনহাম। জুনে ছাঁটাই হওয়া কোচ আবার প্রিমিয়ার লিগে ফিরলেন ৩ মাস পূর্ণ হতেই।

গত মৌসুমে নটিংহামকে লিগে সপ্তম করেছিলেন নটিংহাম। বড় একটা সময় শীর্ষ চারেও ছিল। তবু এবারের দলবদলে তেমন বিনিয়োগ না করায় মালিকপক্ষ নিয়ে কথা বলেছিলেন কোচ। আর তাতেই তাঁকে বিদায় করে দিয়েছে নটিংহাম। 

নতুন কোচকে স্বাগত জানিয়ে মারিনাকিস বলেছেন, ‘আমরা এমন এক কোচকে ক্লাবে আনছি যার নিয়মিত ট্রফি জেতার অভ্যাস আছে। শীর্ষ পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা, সে সঙ্গে ফরেস্টে বিশেষ কিছু গড়ার ইচ্ছা তাকে আমাদের লক্ষ্য পূরণের এই যাত্রায় দুর্দান্ত ব্যক্তি বানিয়েছে।’ 

এর আগে গত জুলাইয়েও টটেনহামকে ইউরো জেতানোয় পস্তেকগলুর প্রশংসা করেছিলেন নটিংহামের গ্রিক মালিক, ‘আঞ্জের ব্যাপারে একটা জিনিসই বলতে চাই, তিনি গ্রিসে ব্যাপারে প্রায়ই কথা বলেন, একজন গ্রিক হিসেবে গর্বিত এবং টটেনহামকে ইউরোপা জিতিয়ে  দুর্দান্ত সাফল্যের পর গ্রিস নিয়ে কথা বলেছেন।’