রেয়াল মাদ্রিদের পিছু পিছুই দৌড়াচ্ছে বার্সা

গত বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড। তিন দিন পরেই লা লিগায় হেতাফের বিপক্ষে গতকাল রোববার রাতে খেলতে নামে বার্সা। অথচ আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা রাশফোর্ডকে শুরুর একাদশে রাখেননি কোচ হানসি ফ্লিক।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুসারে, সকালে টিম মিটিংয়ে যোগ দিতে দেরি করেছিলেন রাশফোর্ড। সেটারই শাস্তি হিসেবে শুরুতে ইংলিশ লেফট উইঙ্গারকে বেঞ্চ করেন ফ্লিক। অবশ্য বদলি হিসেবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন ২৭ বছর বয়সী এ তারকা। বদলি নেমে একটি গোলে অবদানও রেখেছেন। রাশফোর্ডের পাসে ম্যাচের ৬২ মিনিটে গোল করেন দানি অলমো।

অলমোর ওই গোলের আগে ফেরান তোরেসের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বার্সা। ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতার এস্তাদিও ইয়োহান ক্রুইফে শেষদিকে আর গোল না হলে ৩-০ ব্যবধানের জয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্লিকের দলকে।

গতকালের জয়ে লা লিগায় অপরাজিত যাত্রা অব্যাহত থাকল বার্সার। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ফ্লিকের দল। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে বার্সা প্রথম গোলটা পেয়েছে ১৫ মিনিটে। অলমোর দারুণ এক কাটব্যাকে বল পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে দূরের পোস্ট অঞ্চল দিয়ে জালে বল জড়ান ফেরান তোরেস। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান স্প্যানিশ উইঙ্গার। এবার নিজেদের অর্ধ থেকে আসা লম্বা বল ছোট করে তোরেসের দিকে ঠেলে দেন রাফিনিয়া। সেটি নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান ২-০ করেন তোরেস।

প্রথমার্ধের শেষ ভাগে হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। তবে তোরেসের ভলি বারে লেগে ফেরত আসে। আর দ্বিতীয়ার্ধে রাশফোর্ডের পাসে ব্যবধান আরও বাড়ান অলমো।

সবমিলিয়ে বার্সা গতকাল ১৬টি শট নিয়েছিল, যার ৭টি ছিল লক্ষ্যে। এর মধ্যে হেতাফে গোলকিপার দাভিদ সোরিয়া দারুণ কয়েকটি সেভ করেছিলেন বলে ব্যবধান আর বড় হয়নি।

ম্যাচ শেষে রাশফোর্ডকে বেঞ্চ করানোর প্রসঙ্গ কথা বলেছেন ফ্লিক। তবে দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়ার অভিযোগের ব্যাপারে কিছু বলেননি ৬০ বছর বয়সী এ জার্মান কোচ। ফ্লিক বলেছেন, ‘(রোটেশন) খুবই স্বাভাবিক ব্যাপার। তিন-চারদিন পর পরই আমাদের ম্যাচ থাকে। মাঠে আমাদের তরতাজা খেলোয়াড়দের দরকার।’

অবশ্য এর আগেও দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়ায় খেলোয়াড়দের শাস্তি দিয়েছিলেন ফ্লিক। অনুশীলনে দেরিতে যোগ দিয়েছিলেন বলে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে রাখেননি রাফিনিয়াকে। অতীতে জুলস কুন্দে ও ইনাকি পেনাও ফ্লিকের শাস্তি পেয়েছেন।

অন্যদিকে রাশফোর্ড যে প্রথমবার এমন শাস্তি পেলেন, ব্যাপারটা এমন নয়। ম্যান ইউনাইটেডে থাকার সময়ও দলের নিয়ম ভেঙে একাধিকবার শাস্তির মুখে পড়েন রাশফোর্ড।

এর মধ্য গতবছরের জানুয়ারিতে বেলফাস্টের নৈশক্লাবে দেখা যাওয়ার পর এফএ কাপের ম্যাচে নিউপোর্টের বিপক্ষে রাশফোর্ডকে খেলাননি কোচ। এছাড়া অতিরিক্ত ঘুমের কারণে সকালে দলের মিটিং মিস করে ২০২২ সালে উলভসের বিপক্ষে একাদশে জায়গা হারিয়েছিলেন ইংলিশ তারকা।