আগের সপ্তাহে লা লিগায় বড় ধাক্কা খেয়েছিল রেয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও হাতছাড়া হয় শাবি আলোনসোর দলের।
ঠিক এক সপ্তাহ পর গতকাল শনিবার রাতে লা লিগার ম্যাচ খেলতে নামে মাদ্রিদ। এবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারেয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও কিলিয়ান এমবাপ্পের এক গোলে ভিয়ারেয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মাদ্রিদ।
ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এ নিয়ে টানা ৯ ম্যাচ গোল করলেন এমবাপ্পে, যা তাঁর ব্যক্তিগত রেকর্ড। তবে রেকর্ড গড়ার দিনে গোড়ালির চোটে পড়েছেন ফরাসি তারকা। এতে ফ্রান্সের হয়ে আগামী সপ্তাহের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পারবেন কি না, সেটা অনিশ্চিত হয়ে পড়েছে।
গতকালের জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শাবির দল। তবে আজকের ম্যাচে বার্সা জিতলে, কাতালান ক্লাবটি আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে। বর্তমানে মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলা হানিস ফ্লিকের দল ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। আর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারেয়াল।
গতকাল অবশ্য প্রথমার্ধে তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি মাদ্রিদ। এর মধ্যেও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলের সুযোগে বল পেয়ে অনেকটা ফাঁকায় থাকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে পাস দিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু আর্জেন্টাইন তরুণ তারকার শট ভিয়ারেয়াল ডিফেন্ডার রেনাতো ভেইগার পায়ে লেগে পোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মাদ্রিদকে। ৪৭ মিনিটে ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস। এমবাপ্পের ফ্লিকে বল পেয়ে লেফট উইং থেকে সান্তিয়াগো মউরিনোকে ড্রিবল করে বক্সে ঢুকে শট নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। সেটি সান্তি কোমেসানার পায়ে লেগে কিছুটা দিক বদলে আশ্রয় নেয় জালে। ১-০ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদ।
৬৮ মিনিটে বক্সের ভেতর ভিনিসিয়ুসকে ফেলে দেন রাফা মার্তিন। এতে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে জালে বল জড়িয়ে স্কোরলাইন ২-০ করেন ভিনিসিয়ুস।
একটু পরে একটি গোল ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেয় ভিয়ারেয়াল। ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে ব্যবধান কমান (২-১) জর্জেস মিকাউতাদসে। তবে চার মিনিট পর ১০ জনে পরিণত হয় ভিয়ারেয়াল। ভিনিসিয়ুসকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মউরিনো। একই সঙ্গে ম্যাচে ফেরার আশাও কার্যত শেষ হয়ে যায় মার্সেলিনো গার্সিয়ার দলের। উল্টো ৮১ মিনিটে এমবাপ্পের পেনাল্টি গোলে আরও বড় ব্যবধানের হার নিশ্চিত হয় ভিয়ারেয়ালের।
এ নিয়ে জাতীয় দল ও ক্লাবের জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করলেন এমবাপ্পে, যা ফরাসি তারকার ব্যক্তিগত রেকর্ড! এমন রেকর্ডের দিনে অবশ্য চোটে পড়েছেন এমবাপ্পে। গোলের দুমিনিট পরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
আন্তর্জাতিক বিরতির আগে এটাই ছিল ক্লাবের জার্সিতে এমবাপ্পের শেষ ম্যাচ। আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। এর চারদিন পর আইসল্যান্ডের মাঠে আতিথ্য নেবে ফরাসিরা। ওই দুই ম্যাচে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে গতকালের গোড়ালির চোটে।
এমবাপ্পের চোট প্রসঙ্গে শাবি বলেছেন, ‘আমি বলছি না যে ও (এমবাপ্পে) ফ্রান্সের হয়ে খেলতে যাবে না। আপাতত ওর কিছু অস্বস্তি আছে। জাতীয় দলের মেডিকেল টিম সেটা মূল্যায়ণ করবে।’