রেয়াল মাদ্রিদ পেল তালি, বার্সা গোল খেল এক হালি

আতলেতিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচে গতকাল ভিয়ারেয়ালকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রেয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল, নিয়মিত গোল পেতেই থাকা কিলিয়ান এমবাপ্পের আরেক গোল আর দ্বিতীয়ার্ধে মাদ্রিদের পারফরম্যান্স কাল প্রশংসা কুড়িয়েছে। বাড়তি পুরস্কার, ওই জয়ে গতকাল পর্যন্ত বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছিল মাদ্রিদ।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে মাদ্রিদ। গতকাল মাদ্রিদের পারফরম্যান্স যেখানে হাততালি পেয়েছে, সেখানে আজ জিতলেই তালিকার শীর্ষে – সমীকরণ নিয়ে নেমে যে সেভিয়ার মাঠে এক হালি গোল খেয়েছে বার্সা! যে মাঠে আগের ৯ বছরে হারেনি, সেই সানচেস পিখুয়ানেই আজ সেভিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বার্সা!

বার্সার সাবেক স্ট্রাইকার আলেক্সিস সানচেস পেনাল্টি থেকে গোল করেছেন, তাতে ১৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সেভিয়া। অন্যদিকে ম্যাচ ২-১ থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন বার্সার বর্তমান স্ট্রাইকার রবের্ত লেভানদফস্কি।

তবে বার্সাকে ভুগিয়েছে তাদের পুরোনো রোগ। হানসি ফ্লিকের অধীনে হাইলাইন ডিফেন্সে খেলা বার্সাকে যে পরিকল্পনা মেনে ‘লং বল আর ম্যান টু ম্যান প্রেসিং’য়ে ধরাশায়ী করা যায়, সেটা গত মৌসুমেও কয়েকবার দেখা গেছে। আজ সেভিয়া সেভাবে খেলেই ম্যাচ জিতে নিয়েছে। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নিলেও প্রথমার্ধে বার্সাকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি।

১৩ মিনিটে সানচেসের গোলে এগিয়ে যাওয়া সেভিয়াকে ৩৬ মিনিটে দ্বিতীয় গোল এনে দেন ইসাক রোমেরো। প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কাস রাশফোর্ড বার্সার হয়ে একটা গোল ফিরিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে গুছিয়ে খেলেছে বটে বার্সা, বলের দখল রেখে আক্রমণও করেছে। কিন্তু এর মধ্যেই পাল্টা আক্রমণে একেবারে শেষ দিকে দুই গোল খেয়ে যায় কাতালানরা – ৯০ মিনিটে সেভিয়ার তৃতীয় গোল করেছেন হোসে আনখেল কারমোনা, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আকর আদামস।