লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর সময়ের মতো এখনো হয়নি, হবে কি না তা সময় বলবে। তবে অনেকের চোখে, মেসি-রোনালদোদের পর আবার এল ক্লাসিকো নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। একদিকে লামিন ইয়ামাল, আরেকদিকে কিলিয়ান এমবাপ্পে। একদিকে ভিনিসিয়ুস-রদ্রিগো-বেলিংহ্যাম, তো অন্যদিকে পেদ্রি-রাশফোর্ড। চোটের সমস্যা না থাকলে বার্সার বিজ্ঞাপনে নিশ্চিতভাবেই রাফিনিয়া-দানি অলমোরাও জায়গা পেতেন।
তা এমন যখন প্রতিভার ছড়াছড়ি, কথার লড়াই আর খোঁচাখুঁচিও বাকি থাকল না লামিন ইয়ামালের কারণে। দিন দুয়েক আগে এক অনুষ্ঠানে গিয়ে বলে দিলেন, রেয়াল মাদ্রিদ ডাকাতি করে, আবার ওরাই (ডাকাতির শিকার হয়েছে বলে) অভিযোগ করে! ইঙ্গিত বুঝতে কষ্ট হয় না। রেফারিংয়ের সুবিধা মাদ্রিদই পায় বলে তো বার্সার দিক থেকে সব সময়ই অভিযোগ থাকে, মাদ্রিদও একই অভিযোগ করে বার্সাকে নিয়ে। মাদ্রিদ আবার তাদের বিপক্ষে কিংবা অন্যদের পক্ষে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ক্লাবের টিভি চ্যানেলে অনুষ্ঠান করে সমালোচনাও কুড়িয়েছে।
ইয়ামালের ওই কথা নিয়েই গত দুদিন ধরে আলোচনা। মাদ্রিদের কারভাহাল বলেছেন, ম্যাচে ইয়ামালকে এর ধাক্কা টের পেতে হবে। দুই দলের কোচ অবশ্য এ নিয়ে উত্তেজনা বাড়াতে আর চাননি।
তা উত্তেজনা পেরিয়ে ম্যাচ যখন আর ঘণ্টা তিনেকের দূরত্বে, কোন দলের একাদশ কেমন হবে এ নিয়ে আলোচনা তো নিশ্চিতভাবেই বড় জায়গা নিয়ে নেওয়ার কথা। মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে বার্সেলোনার একাদশ গড়তে অবশ্য কোচ হানসি ফ্লিককে বড় ঝামেলায় পড়তে হচ্ছে চোটের কারণে। দুই গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ও হোয়ান গার্সিয়া নেই। আক্রমণে স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি, অলমো ও রাফিনিয়া নেই। এর বাইরে মিডফিল্ডে গাভি আর ডিফেন্সে ক্রিস্টেনসেনকেও বার্সা পাচ্ছে না।
একদিক থেকে ফ্লিকের ঝামেলা তাতে কমে গেছে। বাকি যাঁরা আছেন, তাঁদের মধ্যে একাদশে কারা থাকতে পারেন, সেটার সম্ভাবনার হিসাব তো অনেকটাই সহজ!
বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত ও মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, ফেরান তোরেস চোট কাটিয়েছে ফিরেছেন, তাঁকে আজ শুরুর একাদশে ‘উইথড্রন ফরোয়ার্ড’ হিসেবে নামিয়ে দিতে যাচ্ছেন ফ্লিক। সেক্ষেত্রে আক্রমণে তাঁর দুই পাশে দুজন তো এই মুহূর্তে অটোচয়েস – ডানদিকে ইয়ামাল, বাঁদিকে রাশফোর্ড।
মাঝমাঠে পেদ্রিকে ছাড়া তো বার্সার মাঝমাঠ কল্পনাই করা যায় না। একই কথা প্রযোজ্য ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের জন্যও। এ দুজনের সঙ্গে একাদশে সুযোগ পেতে যাচ্ছেন ফেরমিন লোপেস। দানি অলমোর চোটের সুযোগে অ্যাডভান্সড মিডফিল্ডারের ভূমিকাটা দারুণভাবেই কাজে লাগাচ্ছেন ফেরমিন, চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে হ্যাটট্রিকই করে বসেছেন।
রক্ষণ কীভাবে সাজাচ্ছেন ফ্লিক? গোলপোস্টে ভইচেক শেজনি ছাড়া তো আর বিকল্প নেই। রাইটব্যাকে জুলস কুন্দে, লেফটব্যাকে আলেহান্দ্রো বালদে। তবে সেন্টারব্যাকে জুটিটা কী হবে সে নিয়ে সংশয় ছিল। রেয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের বিপক্ষে বার্সার ডিফেন্ডার রোনালদ আরাউহোর লড়াইটা জমে বলে আজও বার্সার রক্ষণে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে স্পোর্ত ও মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, আরাউহোকে একাদশে রাখছেন না ফ্লিক। রক্ষণের মাঝে পাউ কুবারসির সঙ্গী হচ্ছেন এরিক গার্সিয়া।
বাংলাদেশ সময় আজ রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে মৌসুমের প্রথম মাদ্রিদ-বার্সা লড়াই।
বার্সার সম্ভাব্য একাদশ:
শেজনি, কুন্দে, এরিক, কুবারসি, বালদে, ফ্রেঙ্কি, পেদ্রি, ফেরমিন, লামিন, ফেরান, রাশফোর্ড।