টানা চার হারের জ্বালা জুড়াতে বার্সার বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে রেয়াল মাদ্রিদ

আর ঘণ্টাখানেকের অপেক্ষা। নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে নামবে রেয়াল মাদ্রিদ। গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে চার ম্যাচের চারটিতেই বার্সার কাছে হারের জ্বালা মেটাতে আজ কোন একাদশ নিয়ে নামছেন মাদ্রিদ কোচ শাবি আলোনসো?

কিলিয়ান এমবাপ্পে তো থাকছেনই, তাঁর পাশে কি ভিনিসিয়ুসকে শুরু থেকেই খেলাবে মাদ্রিদ? এক মৌসুম আগেই বালন দ’র জেতা ভিনি গত মৌসুমে কিছুটা বিবর্ণ হয়ে পড়েছেন, এই মৌসুমে তিনি খেলেছেন – এমন ১২ ম্যাচের তিনটিকে তাঁকে শুরুতে বেঞ্চে রেখেই নেমেছে মাদ্রিদ। এমবাপ্পে যোগ দেওয়ার পর তো বটেই, এর আগে থেকেই ভিনিসিয়ুস আর এমবাপ্পেকে একই একাদশে কিভাবে খেলাবে মাদ্রিদ এ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। আলোচনাটা এখনো থামেনি।

তা বার্সার কাছে টানা চার ম্যাচে হারের জ্বালা জুড়াতে চাওয়া মাদ্রিদ আজ কি ভিনি আর এমবাপ্পেকে একসঙ্গেই নামাবে? মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়াদৈনিক এএস এর একটা ধারণা দিয়েছিল আগেই। কিছুক্ষণ আগে রেয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে তাদের একাদশ ঘোষণাও করে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আক্রমণের কেন্দ্রে এমবাপ্পে আর বাঁয়ে ভিনিকে রেখেই একাদশ সাজাচ্ছেন আলোনসো। তাঁদের পেছনে অ্যাডভান্সড মিডফিল্ডারের ভূমিকায় থাকছেন জুড বেলিংহ্যাম।

এএস-এর দেখানো ৪-৩-৩ ছকে আরদা গুলাশের পজিশন আক্রমণের ডানদিকে দেখানো হলেও ম্যাচে গুলাশ যে শুধুই সেখানে থাকবেন না, সেটা ধরে নেওয়াই যায়। আলোনসো মাদ্রিদের কোচ হওয়ার পর দলের মূল প্লেমেকারই হয়ে উঠেছেন তুর্কি তরুণ। খেলছেন ফ্রি রোলে। প্রয়োজনে ডিপ লাইং প্লেমেকার হয়ে যাচ্ছেন, তো কখনো উঠে যাচ্ছেন কোনো উইংয়ে ফাঁকা জায়গায়। গোল করছেন, তার চেয়ে বেশি করাচ্ছেন।

মাঝমাঠে গুলাশ যেখানেই থাকুন, ডানপাশে তাঁর ফাঁকা রেখে যাওয়া জায়গা ভরাতে রাইটব্যাকে থাকছেন আদতে মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। তিনি বারবার উঠে মাঝমাঠে ডানদিকটা দেখেশুনে রাখবেন, এটা ধরে নেওয়াই যায়।

গুলাশ-বেলিংহ্যামদের নিশ্চিন্তে খেলার জায়গা করে দিতে মাঝমাঠে ‘ডিফেন্সিভ শিল্ড’ হিসেবে থাকছেন দুই ফরাসি – অঁরেলিয়া চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। রক্ষণে ডানপাশে ভালভের্দে তো থাকছেনই, লেফটব্যাকে ওঠানামা করার জন্য থাকছেন আলভারো কারেরাস। দুই সেন্টারব্যাক – এদের মিলিতাও আর দিন হুইসেন। গোলপোস্টে আর কে, থিবো কোর্তোয়া!

মাদ্রিদের সম্ভাব্য একাদশ

কোর্তোয়া, ভালভের্দে, মিলিতাও, হুইসেন, কারেরাস, চুয়ামেনি, কামাভিঙ্গা, বেলিংহ্যাম, গুলাশ, ভিনিসিয়ুস, এমবাপ্পে।