নোবেল শান্তি পুরস্কারের জন্য অনেকটা প্রকাশ্যেই প্রচারণা চালিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের ভাগ্যে নোবেল জোটেনি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে হতাশ করে সর্বশেষ নোবেলে শান্তিতে পুরস্কার জেতেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
নোবেল না পেলেও এবার নতুন চালু হওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ পেয়েছেন ট্রাম্প। গতকাল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় প্রথমবার চালু হওয়া এ পুরস্কার দেওয়া হয় ট্রাম্পকে।
ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পুরস্কার জিতে ট্রাম্প জানিয়েছেন, এটা তাঁর জীবনের অন্যতম বড় সম্মাননা।
প্রথমবার চালু হওয়া এ পুরস্কার যে এবার ট্রাম্পই জিততে চলেছেন, সেটা অনেকটাই অনুমেয় ছিল। ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘনিষ্ঠতা অনেকটাই ওপেন সিক্রেট। এছাড়া এর আগে ট্রাম্প যখন নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রচারণা চালাচ্ছিলেন, তখন ইনফান্তিনো প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন যে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের নোবেল পাওয়া উচিত!
সে কারণে গতকাল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ট্রাম্পের শান্তি পুরস্কার জয় নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এ প্রসঙ্গে অনুষ্ঠানের পূর্বে কথা বলেছেন ট্রাম্পও। কেনেডি সেন্টারে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেছেন, ‘আমার কোনো পুরস্কার লাগে না। আমি শুধু প্রাণ বাঁচাতে চাই।’
তবে পুরস্কার জেতার পর ট্রাম্প বলেছেন, ‘এটি সত্যিই আমার জীবনের অন্যতম বড় সম্মান।’
ফিফার ভাষ্য অনুযায়ী, ‘যারা বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন এবং মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলেছেন’, এমন ব্যক্তিকে/ব্যক্তিদের এই পুরষ্কার দেওয়া হয়। শান্তি পুরস্কারের পদকের সঙ্গে ট্রাম্পের হাতে একটি সার্টিফিকেটও তুলে দেন ট্রাম্প। সেই সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকার জন্য এ স্বীকৃতি পেয়েছেন ট্রাম্প।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া প্রসঙ্গে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা একজন নেতার কাছে এমনটাই চাই, যিনি মানুষের প্রতি যত্নশীল হবেন। পদকের পাশাপাশি ট্রাম্পের নাম খোদাই করা এবং হাতে তুলে ধরা পৃথিবীর প্রতীকে একটি স্বর্ণের ট্রফিও দেওয়া হয়েছে ট্রাম্পকে। ইনফান্তিনো ট্রাম্পকে উদ্দেশ্যে করে মন্তব্য করেন, ‘এটাই আপনার পুরস্কার, এটাই আপনার শান্তি পুরস্কার।’ এরপর ট্রাম্প মন্তব্য করেন, এটা তাঁর জীবনের পাওয়া অন্যতম বড় সম্মান।