গতকাল বুধবার আর্সেনালের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এরপরও আলোচনায় আর্সেনাল। আর সেই আলোচনাটা প্রিমিয়ার লিগে গানার্সের ২২ বছর পর সম্ভাব্য শিরোপা জয় নিয়ে!
মৌসুমের সবে মাঝপথ পেরিয়েছে, আবার গতকাল আর্সেনালের ম্যাচও ছিল না- তাহলে আর্সেনালকে নিয়ে এত আলোচনা কীসের? সে আলোচনার মূলে পয়েন্ট টেবিলে আর্সেনালের দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা।
গতকাল দুদলই নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারিয়েছে। ঘরের মাঠে ম্যান সিটি ১-১ গোলে ড্র করেছে ব্রাইটনের সাথে। আর ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা।
তাতে লিগের ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকল সিটি। সমান ম্যাচে তিনে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্টও সিটির সমান ৪৩। আর শীর্ষে থাকা আর্সেনাল? ৪৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে তো আছেই, একই সঙ্গে একটা ম্যাচ হাতে আছে মিকেল আর্তেতার দলের। হাতে থাকা ওই ম্যাচটা জিতলে সিটি-ভিলার চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে আর্সেনাল। তাহলে শিরোপার পথটাও কি ক্রমশও ছোট হয়ে আসছে আর্সেনালের?
আর্তেতার দলকে শিরোপার পথে এগিয়ে দিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের অবদান কম নয়। লিগে এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচেই পয়েন্ট হারাল সিটি। অন্যদিকে অ্যাস্টন ভিলা সর্বশেষ তিন ম্যাচের মোটে একটিতে জিততে পেরেছে, গতকাল ড্র করেছে, আর আর্সেনালের বিপক্ষে অন্য ম্যাচটি হেরে বসেছে।
টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পরও সেটা স্বাভাবিক হিসেবেই দেখছেন পেপ গার্দিওলা। গতকাল ম্যাচ শেষে ম্যান সিটি কোচ বলেছেন, ‘ম্যাচের ফল তো ফলই। আমরা যা করেছি, সেটাকে আমি অন্যায় মনে করছি না। কিন্তু আমরা গোল করতে পারিনি। পরিষ্কার কয়েকটি সুযোগ নষ্ট করেছি। এটা শুধু এক-দুজনের দায় নয়। সামনে থাকা সবাই এর সঙ্গে জড়িত।’
সিটি কোচ যোগ করেন, ‘যদি ম্যাচ বিশ্লেষণে যাই, গোল করাটা আমাদের দায়িত্ব। তবে আমরা ভালো খেলেছি। ডিফেন্ডাররা খুব ভালো করেছে। ওদের ছয় গজ বক্সের ভেতর অনেকগুলো সুযোগও তৈরি করেছিলাম। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। তাই দায়টা শুধু একজনের নয়। সবাই এখানে জড়িত। এক কারণেই আমরা ম্যাচগুলো (সর্বশেষ তিন ম্যাচ) জিততে পারিনি।’
টানা তিন ম্যাচে পয়েন্ট হারানো, সিটির লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে কি তবে বড় ধাক্কা খেল, এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেছেন, ‘অবশ্যই। আপনি যদি ম্যাচ জিততে না পারেন, তাহলে এসব (শিরোপা জয়) বিষয় চিন্তাতেও আনা উচিত নয়।’