ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায় প্রতিটি ম্যাচই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং লিওনেল মেসিদের বিরুদ্ধে ফাইনালে এটিই সবচেয়ে বড় ব্যবধান গড়ে দিতে পারে।
রোনালদো আরও জানান, ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তাদের শেষ সাতটি বিশ্বকাপ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মেগা ফাইনাল নিয়ে রোনালদো বলেন, ‘আমার মনে হয় স্পেনই ম্যাচটি জিতবে—এবং খুব সহজেই জিতবে।’
রোনালদো আরও জানান, টুর্নামেন্ট শুরুর আগে স্পেন ও ফ্রান্স—এই দুটি দলকেই তিনি শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করেছিলেন। তবে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েই ফাইনালে নিজেদের টিকিট নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ২-১ গোলে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা; বাঁচিয়ে রাখে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন।
আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে রোনালদো বলেন, ‘আমার কাছে ফ্রান্স ও স্পেন সব সময়ই ফেবারিট ছিল। স্পেন যদি এক বা দুই গোলে এগিয়ে যায়, তবে ম্যাচটি ঘুরিয়ে দেওয়ার মতো শক্তি আর্জেন্টিনার আছে বলে আমি মনে করি না। কারণ পুরোটা সময় বল স্পেনের নিয়ন্ত্রণেই থাকবে।’



