ম্যাচটা হওয়ার কথা ছিল গত ১৩ ফেব্রুয়ারি। কিন্তু ওই সময় লিওনেল মেসি শারীরিকভাবে ফিট না থাকায় সেটি পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচিতে গত বৃহস্পতিবার পুয়ের্তো রিকোতে ইনদেপেনদিয়েন্তে দেল ভায়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মায়ামি।
এই প্রীতি ম্যাচেই ভক্তদের বিড়ম্বনায় পড়েন আর্জেন্টাইন মহাতারকা। এমনকি অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মেসি।
ঘটনার সূত্রপাত ম্যাচের ৮৮ মিনিটে। নিরাপত্তা বলয় ভেঙে কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়েন। এর মধ্যে এক ভক্ত মেসির থেকে অটোগ্রাফ নেন, আরেকজন সেলফি তোলেন। অন্য আরেক ভক্ত জার্সি খুলে নিরাপত্তা কর্মীর সঙ্গে অনেকটা চোর-পুলিশ খেলে দৌড়ে গিয়ে মেসির কোমর জড়িয়ে ধরেন।
মেসির থেকে ওই ভক্তকে আলাদা করতে চেষ্টা চালান নিরাপত্তা কর্মী। সেই ধাক্কায় মেসিসহ তিনজনই পড়ে যান। সৌভাগ্যক্রমে বড় কোনো অঘটন ঘটেনি। দ্রুতই উঠে দাঁড়িয়ে পাশে চলে যান মেসি।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিরাপত্তাবলয় আরও বাড়িয়ে দেওয়া হয়, যাতে মেসির কাছে কেউ পৌঁছাতে না পারেন।
উল্লেখ্য, প্রীতি ম্যাচটিতে মায়ামি ২-১ ব্যবধানে জিতেছে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে একটি গোল করেছেন মেসি।