দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া তিন ইরানি মেয়ে

নিরাপত্তার কারণে মেয়েদের এশিয়ান কাপ শেষে অস্ট্রেলিয়ায় মানবিক ভিসার আবেদন করেন ইরান নারী ফুটবল দলের পাঁচ সদস্য। তবে সেখানে আশ্রয় প্রার্থনা করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের তিন সদস্য এবার নিজেদের মত বদল করেছেন।

অস্ট্রেলিয়া ছেড়ে নিজ দেশ ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুইজন ফুটবলার ও দলের একজন সাপোর্টিং স্টাফ।ইরানের ফার্স নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এশিয়ান কাপের শুরু থেকেই আলোচনায় ইরানের মেয়েরা। টুর্নামেন্টের শুরুতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত না গাওয়ায় খেলোয়াড়দের নিয়ে গুরুতর অভিযোগ উঠে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ ঘটনাকে ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতকতা’ আখ্যা দেয় এবং খেলোয়াড়দের দেশে না ফিরলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেয়।

আর তাতেই অস্ট্রেলিয়ায় থাকা ফুটবলাররা নিরাপত্তাহীনতায় পড়ে। দেশে ফিরে গেলে নিপীড়নের আশঙ্কা রয়েছে এমন দাবি করে, ইরানের মেয়েদের ফুটবল দলের ৫ জন সদস্য অস্ট্রেলিয়ায় মানবিক ভিসার আবেদন করলে, অস্ট্রেলিয়া সরকার তা গ্রহণ করে।