বিশ্বকাপের প্রস্তুতির আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা 

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মাত্র দুটি ম্যাচ খেলবে। আন্তর্জাতিক এই দুই প্রীতি ম্যাচের আগে অবশ্য বড় ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির দল। চোটের কারণে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুই তারকা- গনসলো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দি। 

রোববার এস্তুদিয়েন্তেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পড়েছেন রিভের প্লেতে খেলা ডিফেন্ডার মন্তিয়েল। পেনাল্টি থেকে গোল করার পর ব্যথায় কাতর অবস্থায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, মন্তিয়েল বাঁ পায়ের বাইসেপস ফেমোরিসের গ্রেড-ওয়ান ইনজুরিতে পড়েছেন। এখনো মন্তিয়েলের বদলি ঘোষণা করেনি আর্জেন্টিনা। 

এদিকে এক চোটের খবর না আসতেই আরেক দুঃসংবাদও পেয়েছে আলবিসেলেস্তেরা। আরেক ডিফেন্ডার লিওনার্দো বালের্দিও চোটের কারণে প্রীতি ম্যাচে থাকছেন না। তাঁর বদলি হিসেবে লুকাস মার্তিনেস কুয়ার্তাকে স্কোয়াডে যুক্ত করেছে আর্জেন্টিনা। ২০২৪ কোপা আমেরিকার পর এই প্রথম আর্জেন্টিনা দলে ডাক পেলেন রিভের প্লেতে খেলা লুকাস।

বাংলাদেশ সময় আগামী ২৮ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচ আগামী ১ এপ্রিল ভোর ৫টায় (বাংলাদেশ সময়) জাম্বিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই বুয়েনস এইরেসের লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।