মেসির দিকে নয়, সালাহকে বলা হলো রোনালদোর দিকে যেতে

কয়েকদিন আগে লিভারপুল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মোহামেদ সালাহ। মিসরের ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড জানান, প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে এটাই তাঁর শেষ মৌসুম। তবে আগামী মৌসুমে তাঁকে কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে, সেটা স্পষ্ট করেননি সালাহ।

এরই মধ্যে সালাহর নামের সঙ্গে বেশ কয়েকটি ক্লাবকে জড়িয়ে গুঞ্জন শুরু হয়েছে। সেখানে ইউরোপের ক্লাব যেমন আছে, তেমনি আছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কথাও।

তবে সালাহকে এমএলএসে যোগ না দেওয়ার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান। তাঁর মতে, সালাহ এমএলএসে যোগ দিলে ধীরে ধীরে আলোচনার বাইরে চলে যাবেন। এতে সালাহর ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর যদি ইউরোপে সালাহ না-ই থাকতে পারেন, তবে তাঁকে সৌদি প্রো লিগে যাওয়ার পরামর্শ দিয়েছেন মিসর জাতীয় দলের পরিচালক।

সম্প্রতি সালাহকে এমএলএসের সঙ্গে জড়িয়ে গুঞ্জন শুরু হলে যুক্তরাষ্ট্রের লিগটির কমিশনার ডন গারবার জানান, তিনি সালাহকে এমএলএসে দেখতে চান। তবে এমএলএসের কোনো ক্লাব সালাহকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কিনা, সেটা এখনো জানা যায়নি।

এদিকে সালাহকে এমএলএসে দেখতে চান না মিসর জাতীয় দলের পরিচালক। তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়া, ও (সালাহ) ইউরোপেই থাকুক। পারি সাঁ জার্মেই (পিএসজি), বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান লিগের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাবের কথা শুনেছি।’

সালাহকে কেন এমএলএসে দেখতে চান না, সেটার ব্যাখ্যাও দিয়েছেন ইব্রাহিম, ‘এমএলএসে গেলে ও (সালাহ) স্পটলাইট থেকে অনেক দূরে চলে যাবে। এখন যেমন আমি মেসিকে খুব একটা স্মরণ করি না, কিংবা তাঁকে দেখার চেষ্টাও করি না। সালাহর ক্ষেত্রেও এমনটাই হবে। ওকে কেউ আর মনে রাখবে না।’

মিসর জাতীয় দলের পরিচালকের মতে, সালাহ যদি ইউরোপে থাকতে না-ই চান, সেক্ষেত্রে ভালো বিকল্প হতে পারে সৌদি প্রো লিগ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ও (সালাহ) যদি ইউরোপ থেকে কোনো প্রস্তাব না পায়, তাহলে সৌদি প্রো লিগে যাওয়া ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় তারকারা সেখানে খেলছেন বলে।’