সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনা, ব্রাজিল নাকি ইউরোপের কেউ- ২০২৬ বিশ্বকাপ জিতবে কারা?

বিশ্বকাপ শুরু হতে মোটে দুই মাসের কিছু বেশি বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল এরইমধ্যে চূড়ান্ত হয়েছে। আর বিশ্বকাপের সূচি তো চূড়ান্ত হয়েছিল সেই ডিসেম্বরেই।

তা ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দল? এর চূড়ান্ত উত্তর পেতে অপেক্ষা করতে হবে ১৯ জুলাই পর্যন্ত। কিন্তু সমর্থকরা কি আর সেই পর্যন্ত অপেক্ষায় থাকা মানেন! পারলে তো নিজের পছন্দের দলকে এখই শিরোপা তুলে দেন! আর এ নিয়ে প্রতিপক্ষ দলের সমর্থকের সঙ্গে তর্ক-বিতর্কেও যুক্ত হচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার নিদর্শন মিলছে প্রতিনিয়ত।

এ তো গেল সমর্থকদের ব্যাপার-স্যাপার। কিন্তু ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনার দৌড়ে আসলেই এগিয়ে কোন দল? সেই সম্ভাবনার একটা ভবিষ্যদ্বাণী করেছে ক্রীড়াঙ্গনের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টার সুপারকম্পিউটার। বিভিন্ন দলের পারফরম্যান্স, ইতিহাস, শক্তিমত্তা ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে সেসব দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা শতাংশের হিসেবে দিয়েছে অপ্টা। আর অপটার সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনার দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পেন।

অপ্টা জানাচ্ছে, আসন্ন বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ১৫.৯৮ শতাংশ। স্প্যানিশদের পর এ তালিকায় দুইয়ে ফ্রান্সকে রেখেছে অপ্টা। ২০১৮ বিশ্বকাপের পর আরেকটা বিশ্বকাপ জয়ের জন্য ফ্রান্সের সম্ভাবনা ১২.৩৮ শতাংশ দেখছে অপ্টার সুপারকম্পিউটার।

অপ্টার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে লামিন ইয়ামালের স্পেন আর এমবাপ্পের ফ্রান্স। তাহলে লিওনেল মেসির অবস্থান কোথায়?

অপ্টা বলছে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এবার আর্জেন্টিনার অবস্থান চারে (১০.২৮%)। আর আর্জেন্টিনার চেয়ে এগিয়ে তালিকার তিনে আছে ইংল্যান্ড (১১.০৮%)।

কাতার বিশ্বকাপেই মেসি শিরোপার ছোঁয়া পেয়েছেন। কিন্তু মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সেই আক্ষেপ এখনো পূরণ হয়নি। এবার নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা রোনালদোর পর্তুগালকে (৬.৭২%) সম্ভাবনার দৌড়ে পাঁচে রেখেছে অপ্টা। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (৬.৫০%) আছে তালিকার ছয়ে।  

অপ্টার এ তালিকা অনুসারে, শীর্ষ দশে থাকা বাকি চারটি দল যথাক্রমে জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও বেলজিয়াম।