বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হাভিয়ের কাবরেরা অধ্যায়ের কি এখানেই শেষ, নাকি নতুন মেয়াদে তাঁর সঙ্গে চুক্তি করবে বাফুফে- এমন প্রশ্ন কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল দেশের ফুটবল অঙ্গনে। আর বিষয়টি নিয়ে আজ শনিবার বাফুফের জাতীয় দল কমিটির সভা বসেছিল।
ওই সভায় স্প্যানিশ এ কোচের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শূন্যস্থান পূরণে নতুন কোচ খুঁজবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে নতুন বিজ্ঞপ্তিতে চাইলে কাবরেরাও আবেদন করতে পারবেন।
বাংলাদেশের ডাগআউটে কাবরেরা অধ্যায়ের শুরুটা হয়েছে ২০২২ সালের জানুয়ারিতে। সেই থেকে চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কাবরেরা। এই দীর্ঘ সময়ে কাবরেরার সঙ্গে তিন দফায় চুক্তি বাড়ায় বাফুফে। সর্বশেষ চুক্তি অনুযায়ী, ৪১ বছর বয়সী স্প্যানিশ কোচের মেয়াদ আছে ৩০ এপ্রিল পর্যন্ত।
কারবেরার অধীনে এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টি জিতেছে, ড্র করেছে সমান ১০টিতে। আর বাকি ১৯টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। অর্থাৎ কাবরেরা অধীনে বাংলাদেশের জয়ের হার মোটে ২৫.৪৭ শতাংশ। তবে বলার মতো অর্জন, কাবরেরার অধীনেই ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
এর বাইরে ফিফা র্যাঙ্কিংয়েও কিছুটা ‘উন্নতি’ হয়েছে জামাল ভুঁইয়াদের। কাবরেরা যখন কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নেন, তখন বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৬ নম্বরে ছিল। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮১। মাঝে অবশ্য কিছুদিনের জন্য ১৮০ নম্বরেও ছিল বাংলাদেশ।
কাবরেরার সময়েই জাতীয় দলের হয়ে যোগ হয় হামজা চৌধুরী, শমিত শোম, জায়ান আহমেদ, ফাহামেদুলদের মতো প্রবাসী কিংবা বংশোদ্ভূত ফুটবলাররা। কিন্তু এতসব তারকা নিয়েও এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি বাংলাদেশ।
অবশ্য কাবরেরার কোচিং দর্শন কিংবা স্কোয়াড, একাদশ বাছাই নিয়ে সমর্থকদের একাংশ ক্ষোভ জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরেই। এবার স্প্যানিশ এ কোচের সঙ্গে আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তই নিল বাফুফের জাতীয় দল কমিটি।