সাফজয়ী ফুটবলারদের পুরস্কার

প্রত্যেকে ১.৫ লাখ করে পেলেন, ৬ এপ্রিল পাবেন ‘ভালো কিছুই’

ছাদখোলা বাসে করে গতকাল বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে হাতিরঝিলে যায় সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে জমকালো আয়োজনে রোনান সুলিভানদের বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অ্যাম্ফিথিয়েটারে ঝলমলে আলোকসজ্জার আয়োজনের পর ফুটবলারদের জন্য আসে আর্থিক পুরস্কারের ঘোষণা। 

বাংলাদেশ ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার পরপরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। গতকাল হাতিরঝিলে তিনি জানিয়ে দিয়েছেন কবে দেওয়া হচ্ছে আর্থিক পুরস্কার।

ফুটবলারদের জন্য কিছুটা চমক রেখে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় ক্রীড়া দিবসের (৬ এপ্রিল) দিন এটি ঘোষণা করা হবে। ফুটবলারদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।’

তবে ক্রীড়া প্রতিমন্ত্রী অর্থের পরিমাণ না জানালেও বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর তরফ থেকে অর্থ পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করবেন তিনি।

এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুটবলারদের ৫০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।

সাফজয়ী বাংলাদেশ অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভতি জানাতে গিয়ে বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমাদের ফাইভ স্টার হোটেলে রেখে উজ্জীবিত করা হয়েছে। এই ট্রফির পেছনে অনেক শ্রম ও ঘাম রয়েছে। আমরা সবাই কষ্ট করেছি। দেশবাসীকে এই ট্রফি উৎসর্গ করছি।’