ইউরোপের দলের বিপক্ষে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাহারা কাপের ম্যাচে ২০০১ সালে বসনিয়া ও হার্জেগোভিনা এবং যুগোশ্লাভিয়ার বিপক্ষে দুটোই শেষ। এরপর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। কিন্তু আর কখনো ইউরোপের দলের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের।
অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ৫ জুন প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। ম্যাচটি হবে সান মারিনোতেই। অর্থাৎ, এই ম্যাচ দিয়েই ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নামবে বাংলাদেশ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ইতিহাস লেখার মঞ্চে প্রতিপক্ষ হিসেবে সান মারিনো কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশকে, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ২১১ নম্বরে সান মারিনো। তার ওপর, দলটা এখন পর্যন্ত মোটে তিনটা ম্যাচ জিততে পেরেছে। আর তিনটা ম্যাচই জিতেছে একই প্রতিপক্ষ লিখনস্টেইনের বিপক্ষে।
এর মধ্যে সান মারিনোর ২০০৪ সালের জয়টা ছিল প্রীতি ম্যাচে। দলটি প্রতিযোগিতামূলক ম্যাচে দুটি ম্যাচ জিতেছে ২০২৪ সালে নেশনস লিগে।