হঠাৎ যেন দুঃসময়ের ঘোরে আটকে পড়েছে রেয়াল মাদ্রিদ। লা লিগায় মায়োর্কার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে একই ব্যবধানে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হার। টানা দুই হারের ধাক্কার রেশ না কাটতেই লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে রেয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গতকাল শুক্রবার রাতে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আলভারো আরবেলোয়ার দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার, আর নভেম্বরের পর প্রথমবার টানা তিন ম্যাচ জয়হীন থাকল মাদ্রিদ।
এদিকে লা লিগায় পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়েও অনেকটা পিছিয়ে পড়েছে মাদ্রিদ। গতকালের ড্র-তে ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রেয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। কাতালান ক্লাবটি আবার একটা ম্যাচ কম (৩০ ম্যাচ) খেলেছে। হাতে থাকা ওই ম্যাচটা জিততে পারলে মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে বার্সা।
গতকাল অবশ্য ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে মাদ্রিদ। বলের দখল থেকে শুরু করে আক্রমণ- সবখানেই এগিয়ে ছিল মাদ্রিদ। কিন্তু টানা আক্রমণেও গোল আদায় করতে পারছিলেন কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা।
অবশেষে ম্যাচের ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফেদে ভালভের্দের বুলেট গতির শটে এগিয়ে যায় মাদ্রিদ। মার্চের শুরু থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল উরুগুয়ে তারকার সপ্তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে এ সময়ে আর কেউ এত বেশি গোল করতে পারেননি।
তবে ভালভের্দের গোলে এগিয়ে গেলেও সেটার সুফল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মাদ্রিদ। ১১ মিনিট পর প্রায় বক্সের বাইরে থেকে নেওয়া তোমাস লেমারের একই ঢঙের জোরাল শটে সমতায় (১-১) ফেরে জিরোনা। ম্যাচের শেষ ৩০ মিনিট আপ্রাণ চেষ্টা করেও আর কোনো গোল পায়নি কোনো দল। এতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে।
ম্যাচ শেষে মাদ্রিদ কোচ আরবেলোয়া বলেছেন, ‘জিততে হলে আমাদের ২০০ শতাংশ দিতে হবে। ৯০ শতাংশ দিয়ে জেতা সম্ভব নয়। অন্তত সব সময় জেতা যায় না। যেসব দলের চেয়ে আমরা শক্তিশালী, তাদের বিপক্ষে নিশ্চিতভাবে জিততে চাইলে ২০০ শতাংশ দিতে হবে, না হলে এমন অঘটন ঘটতেই পারে।’
শিরোপার দৌড়ে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে মাদ্রিদ। তবে আরবেলোয়া এখনই হাল ছাড়তে রাজি নন, ‘শিরোপা হাতছাড়া না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’
গতকাল পয়েন্ট হারিয়ে রেফারির বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন মাদ্রিদ কোচ। আরবেলোয়ার দাবি, ম্যাচের ৮৭ মিনিট মাদ্রিদকে একটি পেনাল্টি দেয়নি রেফারি। ওই ঘটনা তুলে ধরে আরবেলোয়া বলেছেন, ‘এটা চাঁদের মতোই স্পষ্ট যে, ওটা পেনাল্টি ছিল। (রেফারির সিদ্ধান্ত) আমি বুঝতে পারছি না। আমার মনে হয়, কেউই বুঝতে পারছে না। রেফারিদের ব্যাপারে আমার মতামত আপনি জানেন, আর ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে।’
মাদ্রিদ কোচ যোগ করেন, ‘এটা একদম পরিষ্কার পেনাল্টি ছিল। আমাদের সঙ্গে এমন অনেকবার হয়েছে—এই রেফারির মতোই, গত সপ্তাহে মায়োর্কার ম্যাচেও। সব সময় একই ঘটনা।’