মাস চারেক আগের ঘটনা, ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি। ওই সময় ফ্লোরিডার ক্লাবটির ডাগআউটে ছিলেন হাভিয়ের মাচেরানো। কিন্তু মায়ামিকে ইতিহাসের পাতায় তোলার চার মাস যেতে না যেতেই মায়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এ আর্জেন্টাইন কোচ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি।
ওই বিবৃতিতে মায়ামি উল্লেখ করেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মাচেরানো। আপাতত ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর গুইয়েমো হোয়োস ‘সামনের ম্যাচগুলোতে’ মায়ামির প্রধান কোচের দায়িত্বটা সামলাবেন।
গত ডিসেম্বরে এমএলএস কাপ জিতলেও এবারের মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছে না মায়ামি। এরই মধ্যে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের দ্বিতীয় রাউন্ডেই যাত্রা থেমেছে লিওনেল মেসিদের। এমএলএসেও ছন্দে নেই ক্লাবটি। চলতি মৌসুমে ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত মোটে ৩টিতে জিতেছে মায়ামি। তাতে ১২ পয়েন্ট নিয়ে আছে তালিকার তৃতীয় স্থানে।
মায়ামি সর্বশেষ হোঁচট খেয়েছে গত শনিবার। ঘরের মাঠে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ক্লাবটি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ম্যাচের পরই দায়িত্ব ছাড়ার কথা ক্লাবকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন মাচেরানো।
এদিকে পদত্যাগের বিবৃতিতে আর্জেন্টাইন এ কোচ বলেছেন, ‘সবাইকে জানাচ্ছি যে, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
বিদায়ী বার্তায় মাচেরানো আরও বলেছেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি এই ক্লাবের প্রত্যেক স্টাফকেও ধন্যবাদ। এছাড়া খেলোয়াড়দের কথা না বললেই নয়, তাদের কারণেই আমরা অনেক স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছি।’
উল্লেখ্য, আর্জেন্টিনা ও বার্সেলোনার জার্সিতে মাচেরানোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন মেসি। এরপর পেয়েছেন কোচ হিসেবে। ২০২৪ সালের নভেম্বরে জেরার্দো মার্তিনো দায়িত্ব ছেড়ে দিলে তাঁর জায়গায় মায়ামির দায়িত্ব নেন মাচেরানো। আর্জেন্টাইন এ কোচের অধীনে সব মিলিয়ে ৬৭টি ম্যাচ খেলেছে মায়ামি।
এদিকে মাচেরানোর পদত্যাগের বিষয়ে মায়ামির সহ-মালিক জর্জ মাস বলেছেন, ‘হাভিয়ের (মাচেরানো) চিরকালই এই ক্লাবের অংশ হয়ে থাকবে। ইন্টার মায়ামি পরিবারের সবসময়ই তাঁর জন্য বিশেষ জায়গা থাকবে। এমএলএস কাপ জয় এবং ক্লাব বিশ্বকাপে দলের ঐতিহাসিক পারফরম্যান্সের মতো অবিস্মরণীয় অর্জনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তাঁর নিষ্ঠা ও নেতৃত্বের উদাহরণ কখনো ভুলব না।’
তিনি আরও বলেন, ‘তাঁর (মাচেরানোর) সিদ্ধান্তকে সম্মান করছি এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা রইল।’