এনসো মারেসকার বিদায়ের পর জানুয়ারিতে চেলসির দায়িত্ব নিয়ে শুরুটা ভালোই করেছিলেন লিয়াম রোসেনিওর। ৪১ বছর বয়সী এ ইংলিশ কোচের অধীনে প্রিমিয়ার লিগে টানা চারটি ম্যাচ জেতে চেলসি। কিন্তু এরপরই শুরু হয় ব্লুজদের দুঃসময়। একের পর এক ম্যাচে হারতে থাকে দলটি। ম্যাচ জেতা তো দূরের কথা, যেন গোলই করতে ভুলে গেছেন লিয়াম দেলাপ-এনসো ফের্নান্দেস-পেদ্রো নেতোরা।
যার সর্বশেষ উদাহরণ ছিল গতকাল মঙ্গলবার রাতে ব্রাইটনের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে হার। এ নিয়ে প্রিমিয়ার লিগে সর্বশেষ ৫ ম্যাচেই হারল চেলসি। শুধু তাই নয়, এই পাঁচ ম্যাচে একটি গোলও করতে পারেনি রোসেনিওর শিষ্যরা। ১৯১২ সালের পর, এই প্রথম এমন বাজে সময়ের মুখোমুখি পড়ল চেলসি।
দলটির দুঃসময়ের এখানেই শেষ নয়। লিগে খেলা সর্বশেষ ৯ ম্যাচের মোটে একটিতে জিততে পেরেছে চেলসি। এ সময় লিগের ২০ দলের মধ্যে শুধু টটেনহামই (২) চেলসির (৫) চেয়ে কম পয়েন্ট নিতে পেরেছে। আর এভাবে টানা পয়েন্ট চেলসির পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে গেছে।
গতকালের হারে ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে গেছে চেলসি। আর সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে গেছে ব্রাইটন। চ্যাম্পিয়নস লিগ খেলতে চাইলে অন্তত টেবিলের ৫ নম্বরের মধ্যে থাকতে হবে। বর্তমানে ৫ নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৫। লিভারপুল আবার একটা ম্যাচ কম খেলেছে। এমন অবস্থায় কাগজে কলমে টিকে থাকলেও বাস্তবে চেলসির চ্যাম্পিয়নস লিগ খেলা যে অনেকটাই অসম্ভব ব্যাপার, সেটা হয়তো না বললেও চলে!