এবার এমবাপ্পের চোট, রেয়াল মাদ্রিদের সঙ্গে দুশ্চিন্তায় ফ্রান্সও

পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর স্প্যানিশ ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গতকাল শুক্রবার ছিল কিলিয়ান এমবাপ্পের ১০০তম ম্যাচ। কিন্তু লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে মাইলফলকের ম্যাচটা মোটেও যায়নি ফরাসি তারকার। একদিকে নিজে গোল পাননি, ম্যাচটা জিততে পারেনি রেয়াল মাদ্রিদও।

এমন ম্যাচেই চোট শঙ্কা জেগেছে এমবাপ্পের। যে কারণে নির্ধারিত সময়ের আগে বদলি হয়েছেন ২৭ বছর বয়সী ফরাসি তারকা। আর এমবাপ্পের এমন চোট শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছে রেয়াল মাদ্রিদ ও ফ্রান্স।

এবার এমনিতেই ভুলে যাওয়ার মতো মৌসুম কাটাচ্ছে মাদ্রিদ। মৌসুমের প্রায় সব শিরোপার আশাও শেষ হয়েছে। এর মধ্যেই মাদ্রিদের মাথাব্যথা বাড়াল এমবাপ্পের চোট।

গতকাল ম্যাচের শেষ দিকে নিজেই উঠে যাওয়ার অনুরোধ জানান এমবাপ্পে। পরে ৮১ মিনিটে মাঠ ছাড়েন। মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। এমবাপ্পের বদলি হিসেবে মাঠে নামেন গনসালো গার্সিয়া।

ম্যাচ শেষে এমবাপ্পেকে নিয়ে রেয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়া বলেছেন, ‘এমবাপ্পের কী হয়েছে, সে বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই। ও কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েক দিনে ওর অবস্থা কেমন থাকে, সেটা দেখতে হবে।’

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এমবাপ্পের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। সেরে উঠতে কয়েকদিন লাগতে পারে।

মাদ্রিদ নিজেদের পরের ম্যাচ খেলবে আগামী ৩ মে, এস্পানিওলের বিপক্ষে। এর এক সপ্তাহ পর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে আরবেলোয়ার দল।

ওদিকে এমবাপ্পের চোট শঙ্কায় মাথাব্যথা শুরু হয়েছে ফ্রান্সেরও। এমনিতে কয়েকদিন আগে চোটে বিশ্বকাপ শেষ হয়েছে একিতিকের। এতে আক্রমণভাগের শক্তি একটু হলেও কমেছে ফরাসিদের। এমন অবস্থায় এমবাপ্পের চোট- মাথাব্যথা তো হওয়ারই কথা!