স্প্যানিশ সাংবাদিকের তথ্য

আর্জেন্টিনার কোচ স্কালোনির দিকে হাত বাড়িয়েছে রেয়াল মাদ্রিদ

চলতি মৌসুমে লা লিগা শিরোপা জয়ের আশা একেবারেই শেষ রেয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লীগ থেকেও বিদায় নিয়েছে অনেক আগেই। ফলে শিরোপা ছাড়া মৌসুম শেষ করার পথে ক্লাবটি। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমের জন্য নতুন কোচের সন্ধানে মাদ্রিদ। 

নতুন কোচের সম্ভাব্য তালিকায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনে হাওয়া দিয়েছেন স্প্যানিশ সাংবাদিক মানোলো লামা। 

রেয়াল মাদ্রিদ আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনির সঙ্গে  যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। স্পেনের রেডিও অনুষ্ঠান ‘এল পাত্রিদাসো দে কোপে’- এ লামা এই তথ্য জানিয়েছেন।  
 
স্প্যানিশ এই সাংবাদিক বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে রেয়াল মাদ্রিদ স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে। মাদ্রিদ অনেক কোচের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে, কিন্তু আমি নিশ্চিত, তারা আর্জেন্টাইন কোচ স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে। ফ্লোরেন্তিনো পেরেজ আবারও লোপেতেগির মতো কিছু করতে যাচ্ছেন। আমার মনে হয়, তারা সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন দিক যাচাই-বাছাই করছে।’

মানোলো লামা এমন তথ্য সামনে আনলেও আর্জেন্টাইন মিডিয়া টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘স্কালোনির ঘনিষ্ঠ সূত্রগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছে যে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের নেতৃত্বাধীন ক্লাবের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে।’

এমন খবর চাউর হওয়ায় বিশ্বকাপের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনি থাকবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও কয়েক সপ্তাহ আগে স্কালোনি তার ভবিষ্যত নিয়ে বলেছেন, ‘আমি এখন সামনে যা আছে সেটাই ভাবি, এর বাইরে কিছু ভাবি না। কারণ এতে মনোযোগ নষ্ট হয়। ভবিষ্যৎ নিয়ে এখন ভাবা ঠিক নয়। আমি এখানে ভালো আছি, পরে কী হবে দেখা যাবে।’