এল ক্লাসিকোতে আজ নিষ্পত্তি হতে পারে লা লিগা শিরোপা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে হার এড়াতে পারলেই ট্রফি ধরে রাখার মিশন সফল হবে বার্সেলোনার। তবে সব ছাপিয়ে লস ব্লাঙ্কোসের ড্রেসিংরুমের অস্থিরতা আলোচনার কেন্দ্রে। ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরু বাংলদেশ সময় রাত ১টায়।
হাতাহাতি, মারামারি ফুটবলে নিয়মিত ঘটনা। কিন্তু রেয়ালে সেটা হলো খুব বাজে সময়ে, মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে। দুই দিন আগে ভালভার্দে ও চুয়ামেনির হাতাহাতি নিয়ে বিরক্ত কোচ আরবেলোয়া। তাই শিরোপার সমীকরণ, ক্লাসিকোর উত্তাপ ছাড়িয়ে আগ্রহের কেন্দ্রে লস ব্লাঙ্কোস ড্রেসিংরুমের বিশৃঙ্খলা।
রেয়ালের যখন টালমাটাল অবস্থা, ঠিক ওপারে তখন বার্সা শিবিরে বইছে বসন্তের হাওয়া। সংবাদ সম্মেলনে ব্লু গ্রানা কোচকে রেয়ালের অন্তঃকোন্দল নিয়ে একের পর এক প্রশ্ন। কিন্তু ফ্লিক আগেই ঠিক করে রেখেছিলেন, বিতর্কে জড়াবেন না তিনি।
বার্সেলোনার হেড কোচ হান্সি ফ্লিক বলেন, ‘রেয়াল মাদ্রিদে কি চলছে সেটা নিয়ে কথা বলতে চাই না আমি। সেটা আমার কাজ নয়। এতটুকু বলতে পারি, এসব সারা বিশ্বেই ঘটে। কিছুটা অবাক হয়েছিলাম। তবে আমি শুধু আমার ক্লাব নিয়ে ভাবতে চাই।’
টেবিলের দুয়ে থাকলেও বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। ফলে গ্যালাকটিকোদের জন্য এটা মর্যাদার লড়াই।
রেয়াল মাদ্রিদের হেড কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘ড্রেসিংরুমের ভেতরকার খবর ফাঁস করা ক্লাবের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমান। এটি রিয়ালের জন্য অসম্মানজনক। এখন সব পেছনে ফেলে সামনে তাকাতে হবে। যে ভাবেই হোক বার্সাকে হারাতে চাই।’
সমীকরণ বলছে, ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার। হারলেও, নিজেদের শেষ তিন ম্যাচে প্রয়োজন হবে মাত্র দুই পয়েন্ট। রেয়াল শিবিরে বিশৃঙ্খলা আর টেবিলের যখন এ অবস্থা, এল ক্লাসিকোর উত্তাপে ভাটা পড়া স্বাভাবিক।