বাংলাদেশ জাতীয় ফুটবল দল

নতুন কোচ কবে পাবেন হামজা-জামালরা, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কয়েকদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই জাতীয় দলের নতুন কোচ চূড়ান্ত করে তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চান। তবে ১৫ তারিখ আজ শুক্রবার এসে গেলেও নতুন কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। সে কারণে হামজা চৌধুরী-শমিত সোমদের নতুন কোচ নিয়ে জল্পনা-কল্পনা থামছে না।

নতুন কোচ ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে গতকাল রাতে আলাপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ সকালে পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে জাতীয় দলের কোচ নিয়োগ এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী দু-তিন দিনের মধ্যেই নতুন কোচের নাম জানা যাবে।

আমিনুল হক বলেছেন, ‘বাফুফে সভাপতির সাথে গতকাল রাতেও আমার কথা হয়েছে। আগামী দুই বছরের যে খেলাগুলো রয়েছে, সব কিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

দুই শ-র বেশি আবেদন থেকে নানান প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করেছে বাফুফে। তালিকায় থাকা তিনজনের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ফুটবল সমর্থকদের মধ্যেও তাঁকে নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিষয়টি প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ফুটবলকে কেন্দ্র করে মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণ করা জরুরি। সেই প্রত্যাশা পূরণের জন্য সরকার, আমি ও ফুটবল ফেডারেশন কাজ করছি। সার্বিক সব বিশ্লেষণ করে আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাব। যার হাত ধরে ফুটবল এগিয়ে যাবে ও প্রত্যাশিত ফল আসবে।’

এদিকে ক্রিস কোলম্যান এবং তাঁর কোচিং স্টাফ বাবদ মাসে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় করতে হবে। এমন ব্যয়বহুল কোচ ও বাজেটের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে আমিনুল হক বলেছেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। ৮০ দিনের মতো আমাদের সরকার কাজ করছে। খেলা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করি সেটা আপনাদের দেওয়া হয়েছে। খেলাধুলা এমন একটা জায়গা কোনো কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না।’

ক্রীড়া প্রতিমন্ত্রী যোগ করেন, ‘যেটা আলোচনা হচ্ছে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাব, বা আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়, রাতারাতি কখনো সব কিছু পরিবর্তন সম্ভব নয়। যে কোনো কোচকে নির্ধারিত সময় দেওয়া উচিত। এরপর তার কাছে নির্ধারিত ফলাফল প্রত্যাশা করতে পারি। সামনে যিনি কোচ হবেন তাকেও সময় দিতে হবে। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করছি। দু-একটা দিন অপেক্ষা করেন এরপরই আপনারা জানতে পারবেন।'