ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ইউরোপের বড় তিন দল। আজ রাত পৌনে ১টায় নেদারল্যান্ডসের প্রতিপক্ষ উজবেকিস্তান। এরপর রাত ১টা ১০ মিনিটে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে ফ্রান্স। আর আগামীকাল সকাল ৮টায় পেরুর মুখোমুখি হবে স্পেন।
২০১৮ সালের চ্যাম্পিয়ন, ২০২২-এর ফাইনালিস্ট; এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট ফ্রান্স। অন্যদিকে স্পেন বর্তমান ইউরো চ্যাম্পিয়ন। অধিকাংশ ফুটবল বিশ্লেষকের বাজি এই দুই দল নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো আলাদা ম্যাচে নামছে দুই জায়ান্ট। জয় দিয়ে প্রস্তুতি সারার চ্যালেঞ্জ তাদের সামনে।
এমবাপ্পে, ডেমবেলে ও ওলিসেদের নিয়ে ভয়ংকর ফ্রান্স স্কোয়াড। কিন্তু সবশেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ‘লে ব্লুজ’রা। ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ের ধারায় ফিরতে চাইবে ফরাসিরা। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে দেশম-শিষ্যরা।
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বলেন, ‘আইভরি কোস্টের প্রতি সম্মান রেখেই বলছি, ওদের কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারছি না। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি চাই না। ভালো পারফর্ম করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করতে চাই।’
এবারের আসরের অন্যতম ফেভারিট স্পেন নিজেদের সবশেষ ম্যাচে ড্র করেছে ইরাকের সঙ্গে। যার অন্যতম কারণ ছিল তারকা ফুটবলারদের বিশ্রামে রাখা। পেরুর বিপক্ষেও পেদ্রি-রদ্রিদের খেলার সম্ভাবনা কম। চোটের কারণে স্কোয়াডে নেই ইয়ামাল।
ফ্রান্স কিংবা স্পেনের মতো না হলেও নেদারল্যান্ডসের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া ডাচরা বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে। সেখানে উজবেকিস্তানকে হারিয়ে প্রস্তুতি শেষ করার লক্ষ্য কোমান-শিষ্যদের।