ফিফা প্রীতি ম্যাচে জয় পেয়েছে চার বড় দল। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জয় আর্জেন্টিনার। মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একই ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতেছে জার্মানি। আর নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
টেক্সাসে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে লাওতারোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ৫৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সিমিওনে।
এদিকে, ওহাইওতে দারুণ শুরু ব্রাজিলের। মাত্র সাত মিনিটে ব্রুনোর গোলে এগিয়ে যায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। তবে ডিফেন্সের ভুলে চার মিনিট পরই গোল হজম করে আনচেলত্তির দল। শেষ পর্যন্ত ৫২ মিনিটে এন্ড্রিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
এ ছাড়া দুই মিনিটে হাভার্টজের গোলে লিড নেয় জার্মানি। বিরতির আগেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ৫৭ মিনিটে সানের গোলে জয়োল্লাসে মাতে জার্মানরা।
অন্যদিকে, প্রথমার্ধের যোগ করা সময়ে কেইনের একমাত্র গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড।



